বৈভবকে কটাক্ষ করে ব্যাকফায়ার, অভিষেককে তাতিয়ে নিজেদের পায়েই কুড়ুল মারল পাকিস্তান?
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানে সেখানে বাড়তি আবেগ যোগ করবে। আর সেই আগুনে যখন কোনও বিতর্কিত ঘটনা ঘটে, তখন বাইশ গজে বিস্ফোরণ ঘটা অবধারিত। জাপানের নিশিনে আয়োজিত এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটের মেগা ফাইনালে ঠিক সেই ঘটনাই ঘটল। সোনা জয়ের ম্যাচে ভারতের ১৫ বছর বয়সি ওপেনার বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ‘বেবি-ক্র্যাডল’ সেলিব্রেশন করেন পাকিস্তানের পার্ট-টাইম অফস্পিনার সাইম আয়ুব। আর সেটা করেই তিনি ভুল করলেন। বৈভবকে খোঁচা মারতে গিয়ে অভিষেক শর্মাকে তাতিয়ে দিলেন তিনি।
বৈভবকে ফিরিয়ে সেলিব্রেশনে খোঁচা
ইনিংসের শুরুতে নেমেই নিজের স্বভাবসুলভ মেজাজে মাত্র ৯ বলে ২টি ছক্কায় ১৫ রান করে ফেলেছিলেন ১৫ বছরের বৈভব। কিন্তু আয়ুবের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে উইকেটকিপার উসমান খানের হাতে ক্যাচ দেন তিনি। আউট করার পরই সূর্যবংশীর মুখের দিকে তাকিয়ে দু’হাতে শিশুকে কোলে নিয়ে দোলানোর ভঙ্গি করে ব্যঙ্গ করতে থাকেন আয়ুব, যা মুহূর্তে ফাইনালের অন্যতম ইস্যু হয়ে ওঠে।
তবে পাকিস্তানের সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্ট্রাইকে এসেই আয়ুবকে জবাব দিতে শুরু করেন বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা। ওই ওভারের বাকি পাঁচ বলেই একটি ছক্কা ও দুটি চার মেরে আয়ুবের লাইন-লেংথ নষ্ট করে দেন তিনি। পাওয়ারপ্লে-র ফিল্ডিংয়ের সুবিধা কাজে লাগিয়ে মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি তুলে নেন অভিষেক। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে পাওয়ারপ্লে-তে ভারত তোলে ৮১ রান। শেষ পর্যন্ত ২৮ বলে ৩টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ৬১ রানের ইনিংস খেলে অভিষেক যখন ফেরেন, ম্যাচের মোমেন্টাম তখন পুরোপুরি ভারতের কব্জায়।
যদিও পাওয়ারপ্লে-র পর পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মকিম মাঝের ওভারগুলিতে রান তোলার গতি কিছুটা টেনে ধরেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার (২৪ বলে ২১) এবং ঈশান কিষান (১৮ বলে ২০) দ্রুত রান তুলতে না পারায় ১৫ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৩৭/৫। সেখান থেকে ম্যাচ নিজেদের দিকে টেনে নেওয়ার স্বপ্ন দেখছিল পাকিস্তান।
INSTANT KARMA HAS ENTERED THE CHAT!
Saim Ayub got 15-year-old Vaibhav Sooryavanshi out…
Then came the celebration.
He made a “baby in the cradle” gesture, appearing to mock the teenage Indian opener after taking his wicket.
But cricket had a response ready.
The next… pic.twitter.com/92tjbTMnEH
ডেথ ওভারে ভারতের তাণ্ডব
কিন্তু ডেথ ওভারে শুরু হয় তাণ্ডব। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই যাঁর ব্যাট চওড়া হয়ে ওঠে, সেই তিলক বর্মা একাই ম্যাচের চিত্রনাট্য বদলে দেন। ২০২৫ এশিয়া কাপের ফাইনালে অপরাজিত ৬৯ করে দেশকে ট্রফি এনে দেওয়া তিলক এদিন মাত্র ২২ বলে ৪টি ছক্কা ও ৩টি বাউন্ডারিতে ৫১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে শিবম দুবে খেলেন ২টি চার ও ২টি ছক্কায় সাজানো ৩৪ রানের ক্যামিও।
সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ইনিংসের শেষ দিকে, যখন নিজের শেষ ওভার করতে আসেন সেই সায়ম আয়ুব। প্রথম ৩ ওভারে ২৪ রানে ১ উইকেট নেওয়া আয়ুবের ওপর রীতিমতো তাণ্ডব চালান দুবে ও তিলক। দুবের দুটি ছক্কা ও একটি চার এবং তিলকের একটি বাউন্ডারিতে আয়ুবের ওই এক ওভার থেকেই আসে ২৩ রান। মাত্র ৩০ বলে ৬২ রানের ধ্বংসাত্মক ষষ্ঠ উইকেট জুটির ওপর ভর করে ভারত স্কোরবোর্ডে তোলে ২১১/৬। ১৫ বছরের কিশোরকে উপহাস করার জবাব বাইশ গজে তিলক-অভিষেকরা যে ভাষায় ফিরিয়ে দিলেন, তা পাকিস্তান শিবিরকে বহু দিন তাড়িয়ে বেড়াবে।


