Advertisement

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার সংবাদ

প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর চানখারপুল এলাকার একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেসের নিজ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত অনিক বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের (ড্রয়িং ও পেইন্টিং বিভাগ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিলেট জেলায়।

নিহতের মেস সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, সোমবার থেকেই অনিকের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে এক সহপাঠী তাঁকে ফোনে না পেয়ে মেসে গিয়ে অনিকের খোঁজ নিতে বলেন। পরবর্তীতে কক্ষে কড়া নেড়েও সাড়া না পেয়ে জানালার কাচ ভেঙে ভেতরে ফ্যানের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীদের ধারণা, প্রেমঘটিত বিচ্ছেদের কারণে মানসিক হতাশায় ভুগে তিনি এই চরম পথ বেছে নিতে পারেন।

ঘটনার পর পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষক সুবাস পাল। তিনি বলেন, খবর পেয়ে মেডিকেলে গিয়ে জানতে পারি শিক্ষার্থী আর বেঁচে নেই। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনেরা আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বংশাল থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল জানান, ঘটনার বিষয়ে সার্বিক তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Lading . . .