৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, স্ত্রী-কন্যাসহ বিক্রম ভাট গ্রেফতার
বলিউডের স্বনামধন্য পরিচালক বিক্রম ভাট আইভিএফ-সংক্রান্ত আর্থিক প্রতারণার ঘটনায় নাম জড়িয়েছেন। ৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগে তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট ও কন্যা কৃষ্ণাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থান ও মুম্বাই পুলিশ যৌথভাবে একটি অভিযান চালিয়ে তার শ্যালিকার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
এ অভিযোগের ভিত্তিতে সাত দিন আগে বিক্রম ভাট ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করেছিল উদয়পুর পুলিশ। সেই নোটিশে বলা হয়েছিল— প্রত্যেক অভিযুক্তকে ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের কাছে হাজিরা দিতে হবে। এমনকি অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করা যাবে না।
পুলিশ সূত্রে জানা গেছে, বলি পরিচালক বিক্রম ভাট, শ্বেতাম্বরী ভাট ও তাদের কন্যা কৃষ্ণাসহ ছয়জনের প্রতারণার বিরুদ্ধে অভিযোগ এনেছেন অজয় মুরদিয়া। বিক্রম ভাট, তার স্ত্রী-কন্যা ছাড়াও দিনেশ কাটারিয়া, মেহবুব আনসারি, মুদিত বুটাট্টন, গঙ্গেশ্বর লাল শ্রীবাস্তব ও অশোক দুবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।