ODI-তে বিশ্বরেকর্ড বিরাট কোহলির, কিউয়িদের বিরুদ্ধে ৭ রানেই গড়লেন ইতিহাস
বৃহস্পতিবারই পা দিয়েছেন ৩৮ বছরে। তবে ব্যাটিংয়ে ধার কমেনি তাঁর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ODI-তে নয়া রেকর্ড গড়ে আরও একবার সেটার প্রমাণ দিলেন বিরাট কোহলি। একের পর এক মাইলস্টোন ছুঁয়ে চলেছেন তিনি। এ বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ODI ক্রিকেটে সর্বোচ্চ রানস্কোরার হওয়ার রেকর্ড গড়লেন তিনি। শনিবার ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিংকে টপকে এই তালিকায় শীর্ষে উঠে এলেন কোহলি। তবে এই ম্যাচে বড় ইনিংস আসেনি তাঁর ব্যাট থেকে। মাত্র ৭ রানে আউট হন।
রিকি পন্টিংকে টপকে বিশ্বরেকর্ড কোহলির
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ODI-তে নামার আগে পন্টিংয়ের সঙ্গে একাসনে ছিলেন কোহলি। দু’জনেরই রান ছিল ১৯৭১। গত ম্যাচেই পন্টিংয়ের রেকর্ড ছুঁয়েছিলেন কোহলি। ফলে এই ম্যাচে রেকর্ড গড়া থেকে মাত্র এক রান দূরে ছিলেন তিনি। ইনিংসের শুরুটাই বাউন্ডারি মেরে করেন বিরাট। টপকে যান পন্টিংকে। তবে বেশি দূর এগোতে পারেননি। জ্যাকব ডাফির বলে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে বসেন। সাত বলে সাত রান করে ড্রেসিংরুমে ফেরেন বিরাট।
প্রথম ODI-তে অবশ্য ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কোহলি। ৭৪ রানের ঝকঝকে ইনিংসে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ODI-তে সবচেয়ে বেশি রান করেছেন কারা?
কিউয়িদের বিরুদ্ধে ODI-তে কোহলির রানসংখ্যা বেড়ে হলো ১৯৭৮। ফলে এই তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন পন্টিং। প্রথম পাঁচে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক কিংবদন্তি।
বিরাট কোহলি: ১৯৭৮
রিকি পন্টিং: ১৯৭১
সচিন তেন্ডুলকর: ১৭৫০
কুমার সাঙ্গাকারা: ১৫৬৮
সনৎ জয়সূর্য: ১৫১৯
কেরিয়ারে প্রথম বার গোল্ডেন ডাক গিলের
অন্য দিকে, দ্বিতীয় ODI-তে একেবারেই হতাশ করলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। প্রথম বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। জ্যাকব ডাফির বলে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় বল লাগে তাঁর। স্লিপে দাঁড়িয়ে থাকা হেনরি নিকোলস দুর্দান্ত ক্যাচ নেন। ODI কেরিয়ারে এই প্রথম ‘গোল্ডেন ডাক’ হলেন গিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৫৫-৪। ক্রিজ়ে রয়েছেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল।