স্যান্ডপেপার বিতর্কেও শিক্ষা হয়নি, পাকিস্তানের বিরুদ্ধেও বল ট্যাম্পারিংয়ের ছক অজ়িদের
২০১৮ সালের কুখ্যাত স্যান্ডপেপারগেট (Sandpaper Gate) বিতর্ক নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এল। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বল বিকৃতির ঘটনার মাত্র ছ’মাস পরেই ফের একই ধরনের পরিকল্পনা করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা! এ বার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন বলের অবস্থা বদলাতে পুদিনার টফি ব্যবহারের কথা ভেবেছিলেন তাঁরা। তবে দলের তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) এবং অধিনায়ক টিম পেইন (Tim Paine) সেই পরিকল্পনা আটকে দেন। ক্রীড়া সম্প্রচারক জেরার্ড হোয়াটলির (Gerard Whateley) একটি রিপোর্টে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
‘কার কাছে পুদিনার টফি আছে?’
জেরার্ড হোয়াটলির রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন এই ঘটনা ঘটেছিল। ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার নাকি সতীর্থদের কাছে জানতে চেয়েছিলেন, ‘কার কাছে পুদিনার টফি আছে? আজ বল করছে কে?’ সেই প্রস্তাবে দলের এক নতুন সদস্য আপত্তি জানান। তিনি বলেন, ‘তোমরা কি মজা করছ? আমরা কি আবার সেই কাজ করতে যাচ্ছি?’
কিন্তু সেই আপত্তি সত্ত্বেও ড্রেসিংরুম থেকে পুদিনার টফি নিয়ে আসার জন্য এক পরিবর্ত ফিল্ডারকে বলা হয়েছিল। পরিস্থিতি বুঝতে পেরে হস্তক্ষেপ করেন তৎকালীন অধিনায়ক টিম পেইন। ওই ক্রিকেটারকে নিজের জায়গায় ফিরে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।
ক্ষুব্ধ ল্যাঙ্গার, কড়া বার্তা পেইনের
দিনের খেলা শেষ হওয়ার পর ক্রিকেটারদের মুখোমুখি হন তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গারও। দলের এই আচরণে যে তিনি অত্যন্ত ক্ষুব্ধ, তা বুঝিয়ে দিতে নিজের ব্যাগি গ্রিন টুপির (Baggy Green) প্রসঙ্গও তুলে ধরেন তিনি। কেপ টাউনের বল বিকৃতি কাণ্ডের পর অস্ট্রেলিয়া দল সিদ্ধান্ত নিয়েছিল, মাঠে আর কোনও ক্রিকেটার টফি নিয়ে নামতে পারবেন না। অধিনায়ক থাকাকালীন টিম পেইনও সাপোর্ট স্টাফদের আশ্বস্ত করেছিলেন, বলের অবস্থা বদলাতে ক্রিকেটারদের কোনও ভাবেই টফি ব্যবহার করতে দেবেন না তিনি। হোয়াটলির রিপোর্টে আরও দাবি করা হয়েছে, দুবাইয়ের ওই ঘটনাই ছিল ম্যাচ চলাকালীন বল বিকৃতির জন্য অস্ট্রেলীয় ক্রিকেটারদের শেষ চেষ্টা।
পুরনো বিতর্কে ফের কাঠগড়ায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা
নতুন এই তথ্য সামনে আসায় ২০১৮ সালের কেপ টাউন বল বিকৃতি কাণ্ড নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ঘটনায় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নার (David Warner) এবং ক্যামেরন ব্যানক্রফটকে (Cameron Bancroft) নির্বাসিত করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চলাকালীন ব্যানক্রফটকে স্যান্ডপেপার দিয়ে বল ঘষতে দেখা গিয়েছিল।
হোয়াটলির অনুসন্ধানী রিপোর্টে আরও দাবি করা হয়েছে, সেই ঘটনার পর দলের হোটেলে মিচেল মার্শ (Mitchell Marsh) এবং ডেভিড ওয়ার্নারের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়েছিল। মার্শ নাকি ওয়ার্নারকে বলেছিলেন, গোটা ঘটনার দায় শুধু ব্যানক্রফটের উপরে না চাপিয়ে নিজেরাও যে পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন, সেই দায়িত্ব নিতে হবে। রিপোর্টে উল্লেখ করা সূত্রগুলির দাবি, এই ঘটনা অস্ট্রেলিয়া দলের অন্দরের মতবিরোধও সামনে এনেছিল। দলের কয়েক জন ক্রিকেটার গোটা ঘটনার দায় সম্মিলিত ভাবে নেওয়ার পক্ষে ছিলেন না।
সম্প্রতি ব্যানক্রফটের কয়েকটি মন্তব্য এবং উসমান খোয়াজার (Usman Khawaja) দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের প্রত্যেকেই জানতেন, পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। যদিও অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) বারবার দাবি করেছেন, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। নতুন বিতর্কের মধ্যেও কামিন্সের পাশে দাঁড়িয়েছেন জশ হ্যাজ়েলউড (Josh Hazlewood)।
FAQ
প্রশ্ন: ২০১৮ সালের কেপ টাউন বল বিকৃতি কাণ্ডে কারা শাস্তি পেয়েছিলেন?
উত্তর: স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে নির্বাসিত করা হয়েছিল।
প্রশ্ন: কেপ টাউন ঘটনার ছ’মাস পরে কোথায় ফের বল বিকৃতির চেষ্টা হয়েছিল?
উত্তর: ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে এমন চেষ্টা হয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
প্রশ্ন: বল বিকৃতির জন্য অস্ট্রেলীয় ক্রিকেটাররা কী ব্যবহার করতে চেয়েছিলেন?
উত্তর: বলের অবস্থা বদলাতে পুদিনার টফি ব্যবহার করার কথা ভাবছিলেন কয়েক জন ক্রিকেটার।
প্রশ্ন: সেই চেষ্টা কে আটকে দিয়েছিলেন?
উত্তর: তৎকালীন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন ক্রিকেটারদের সেই চেষ্টা থেকে বিরত করেন। কোচ জাস্টিন ল্যাঙ্গারও পরে তাঁদের কড়া বার্তা দিয়েছিলেন।
প্রশ্ন: বল বিকৃতি নিয়ে নতুন করে বিতর্ক কেন শুরু হয়েছে?
উত্তর: ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক মন্তব্য এবং উসমান খোয়াজার দাবি, দলের প্রত্যেকেই সেই পরিকল্পনার কথা জানতেন, পুরনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে।