Youtube আর ChatGPT দেখে পেস বোলিং শেখা, চিনে নিন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ কাঁপানো ঈশান সুদকে
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সবচেয়ে বেশি আলোচনায় আর্যবীর সেওয়াগ ও অনভয় দ্রাবিড়। কারণ, তাঁদের বাবা। কিন্তু আলোচনায় থাকা এই দু’জনের বাইরে যিনি দাপটের সঙ্গে বোলিং করছেন তিনি ঈশান সুদ। পাঞ্জাবের মোরিন্ডার ঈশান নিজেকে তৈরি করেছেন কোনও আধুনিক অ্যাকাডেমি, বোলিং কোচ বা ডাটা অ্যানালিস্ট দিয়ে নয়, ChatGPT আর ইউটিউব দেখে।
টানা ৯ মাস ধরে একই জায়গায় বল
বর্তমানে একজন প্লেয়ারকে তৈরি করতে গেলে খরচ বিপুল। অ্যাকাডেমি, বিদেশি কোচ আর ডাটা অ্যানালিস্ট। কিন্তু ইন্টারনেট যে একটা বিনামূল্যের বিশ্ববিদ্যালয় সেটা আর কতজন ব্যবহার করেন। সেটাই করেছেন ঈশান। বাবাকে সঙ্গে নিয়ে টানা নয় মাস ধরে একটিই ক্রিকেট বল নিয়ে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা নেটে একই জায়গায় বল করে গিয়েছেন। কোনও ইয়র্কার বা বাউন্সার নয়, স্রেফ গুড লেংথ স্পট থেকে বল পিচ করিয়ে অফ-স্টাম্পের মাথায় আঘাত করাই ছিল লক্ষ্য। সেই সাধনার ফল এখন হাতেনাতে পাচ্ছে ভারত।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে বিপক্ষ ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন ভারতের ডানহাতি পেসার ঈশান। উচ্চতা, নিখুঁত বাউন্স আর পিচে পড়ে বল সোজা বেরিয়ে যাওয়ার ধার দেখে ইতিমধ্যেই নেটপাড়ায় অনেকে তাঁর মধ্যে তরুণ ইশান্ত শর্মার ছায়া দেখতে শুরু করেছেন।
ইন্টারনেট যখন বিশ্ববিদ্যালয়
তবে এশিয়া কাপে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে শিরোনামে আসা ঈশানের এই সাফল্যের চেয়েও বেশি চমকপ্রদ হলো তাঁর উঠে আসার পেছনের গল্প। ঈশানের কোনও স্থায়ী বোলিং কোচ ছিলেন না। পিতা ধীরাজ সুদ এবং পুত্র ঈশান—এই দু’জনের প্রয়াসেই গড়ে উঠেছে পুরো সাম্রাজ্য। আর তাঁদের প্রধান শ্রেণিকক্ষ ছিল ইন্টারনেট, ইউটিউব, গুগল এবং ChatGPT।
অ্যালান ডোনাল্ড আর গ্লেন ম্যাকগ্রার ভক্ত ধীরাজ নিজে একসময় ক্লাব ক্রিকেট খেললেও সুযোগের অভাবে রাজ্য দলে পৌঁছাতে পারেননি। বড় ছেলেরও ক্রিকেটার হওয়ার স্বপ্ন চোটের কারণে অপূর্ণ থেকে যায়। এরপরই ছোট ছেলে ঈশানকে নিয়ে পণ করেন বাবা। ছেলের ক্রিকেট সাধনায় যেন কোনও আর্থিক বা সময়ের অভাব না ঘটে, তাই ঈশানের ১৩ বছর বয়সে নিজের কাপড়ের শোরুমটি বিক্রি করে দেন ধীরাজ।
Ishan Sood is ripping through Nepal U19's top order with a three-wicket burst! 💥
Watch #INDvNEP in the #DPWorldMensU19AsiaCup2026 , LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #SonyLIV pic.twitter.com/TcYlEo7yXp
বাবা-ছেলে মিলে প্রতিদিন মোবাইল স্ক্রিনে আন্তর্জাতিক বোলারদের ভিডিয়ো দেখতেন। কোনও ডেলিভারি পছন্দ হলে চ্যাটজিপিটি ও গুগলে সার্চ করে বোঝার চেষ্টা করতেন বলটির রিলিজ় পয়েন্ট, বায়োমেকানিক্স এবং এর কৌশল। ধীরাজ বলেন, ‘আমরা কোনও বোলারের অ্যাকশন নকল করিনি। আমরা বোঝার চেষ্টা করেছি ডেলিভারির নেপথ্যের বিজ্ঞানটা কী। জিম ট্রেনিং, ডায়েট থেকে শুরু করে টেকনিক—সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া ও চ্যাটজিপিটি থেকে নিখুঁতভাবে স্টাডি করেছি। এমনকি ব্যাক-অফ-দ্য-হ্যান্ড স্লোয়ারটাও আমরা এভাবেই আয়ত্ত করেছি।’
ধীরাজ বিশ্বাস করতেন, বৈচিত্র্যের চেয়ে লাইনের নিয়ন্ত্রণ অনেক বেশি শক্তিশালী। তাই একটানা নয় মাস ধরে ঈশানকে শুধু অফ-স্টাম্পের মাথায় বল ফেলার অনুশীলন করিয়েছেন। সেটায় নিয়ন্ত্রণ আসার পর একই স্পট থেকে দুই দিকে বল সুইং করানোর কাজ শুরু হয়। আর নিখুঁত ইয়র্কার করতে ঈশানের সময় লেগেছিল মাত্র ১৬ দিন।
বয়সভিত্তিক টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স ঈশানের
এই কঠোর সাধনার ফল ঘরোয়া ক্রিকেটেও মিলেছে। ২০২৪-২৫ বিজয় মার্চেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ৭ ম্যাচে ২৮ উইকেট তুলে নিয়েছিলেন ঈশান, যেখানে ১,০০৩টি বল করে ওভার প্রতি রান দিয়েছিলেন মাত্র ২.৩৬। এরপর অনূর্ধ্ব-১৯ বিনু মানকড় ট্রফিতে পঞ্জাবকে চ্যাম্পিয়ন করার পথে ফাইনালে মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপের বিরুদ্ধে একাই ৪ উইকেট শিকার করেন তিনি। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের বোলিং কোচ ভিআরভি সিংয়ের ছোঁয়ায় নিজের ধার আরও বাড়িয়ে নিয়েছেন মোরিন্ডার এই তরুণ। তবে সীমিত ওভারের ক্রিকেটে চোখ ধাঁধানো শুরু হলেও বাবার মতো ঈশানের মূল স্বপ্ন লাল বলের টেস্ট ক্রিকেটে দেশের জার্সিতে দীর্ঘ স্পেল করা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করা এই ‘আনকোরা হিরে’ এখন টিম ইন্ডিয়ার ভবিষ্যতের ভরসা হয়ে ওঠার অপেক্ষায়।
A post shared by Asian Cricket Council (@asiancricketcouncil)
আপনি কি জানেন?
গ্লেন ম্যাকগ্রা তাঁর টেস্ট কেরিয়ারের ৫৬৩টি উইকেটের সিংহভাগই পেয়েছিলেন অফ-স্টাম্পের বাইরে টানা গুড লেংথে বল করে। যা ক্রিকেটের পরিভাষায় ‘করিডোর অফ আনসার্টেনিটি’ নামে পরিচিত।
বিজয় মার্চেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-১৬ স্তরে এক মরশুমে ১,০০০-এর বেশি বল করে ৬৮টি মেডেন দেওয়ার ঈশান সুদের স্পেল ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে অন্যতম সেরা স্পেল হিসেবে চিহ্নিত।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান বোলিং কোচ ভিআরভি সিং ২০০৬ সালে ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ঘণ্টায় ১৪৫ কিমির বেশি গতিতে বল করার খ্যাতি অর্জন করেছিলেন।