আজ ফিরছেন সামি, চনমনে লক্ষ্মীর বাংলা
এই সময় : পরপর দুই ম্যাচে দুরন্ত জয়। রঞ্জি ট্রফিতে টগবগিয়ে ছুটছে লক্ষ্মীরতন শুক্লার বাংলা। সামনে এ বার কেরালা। মঙ্গলাপুরমের মাঠে আজ বড় আকর্ষণ অবশ্যই মহম্মদ সামি। কল্যাণীতে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে খেললেও দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে খেলেননি সামি। তাঁর জায়গায় টিমে নেওয়া হয়েছিল তাঁর ভাই মহম্মদ কাইফকে। তবে এই ম্যাচে ফিরছেন সামি। যিনি সম্প্রতি বলেছেন, ভালো ফর্মে রয়েছেন। এই অবস্থায় টিম ইন্ডিয়ায় খেলার আশা তিনি ছাড়েননি। আজ সেই ভাবনা নিয়েই মাঠে আগুন ধরাতে নামবেন সামি।
প্রথম দুই ম্যাচ জিতে গ্রপ ‘সি’-তে শীর্ষে রয়েছে বাংলা। একটি জয় ও একটি ড্র-য়ে কেরালা রয়েছে তিন নম্বরে। ঘরের মাঠে তারাও চাইবে জিততে। টস বড় ফ্যাক্টর হতে পারে। কেরালা টিমে রয়েছেন অভিষেক নায়ার, জলজ সাক্সেনা, সচিন বেবির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। আগের ম্যাচে ওডিশাকে এক ইনিংস ও ৩৬ রানে হারিয়ে মানসিক ভাবে বেশ চাঙা কেরালা।
টিম বাংলা অবশ্য প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের নিয়ে ভাবছে। নিজেদের সেরাটা দিতে পারলেই জয় আসবে, বলছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। মহম্মদ কাইফের জায়গায় টিমে ঢুকবেন সামি। বাকি টিম অপরিবর্তিত থাকার কথা। ভালো ফর্মে থাকা শাহবাজ আহমেদও কেরালা ম্যাচে তুরুপের তাস।
রবিবার লক্ষ্মীপুজোর দিনে কেরালার বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন লক্ষ্মী এবং বাংলার বাকি কোচিং স্টাফেরা। বাংলার পরের ম্যাচ মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে। তারপরে খেলা জানুয়ারিতে। নতুন বছরের আগে সব ম্যাচ জিতে রঞ্জিতে ভালো জায়গায় থাকতে বদ্ধপরিকর বাংলা।