ছক্কার ফুলঝুরিতে ‘জবাব’ তেজস্বী দাহিয়ার,ছবি: ANI

দলে রাখেনি KKR, ছক্কার ফুলঝুরিতে ‘জবাব’ তরুণ তুর্কির, কাকে কৃতিত্ব দিলেন?

গত মরশুমে নিলামে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মাত্র দুটো ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। আসন্ন IPL-এর আগে তাঁকে ছেড়েও দিয়েছে KKR। তবে ঘরোয়া ক্রিকেটে ঝোড়ো ইনিংসে যেন ‘জবাব’ দিলেন তেজস্বী দাহিয়া। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছক্কা মারার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। পাঁচ ইনিংসে মেরেছেন ২০টি ছক্কা যার মধ্যে ৯টা এসেছে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে। আর বড় শট খেলার এই দক্ষতা বাড়ানোর জন্য KKR কোচ অভিষেক নায়ারকেই কৃতিত্ব দিলেন তিনি। জানালেন, গত মরশুমে নাইটদের হয়ে বিশেষ অনুশীলনের পরেই এই উন্নতি হয়েছে পাওয়ার হিটিংয়ে। ঠিক কী জানালেন তেজস্বী?

KKR-এর হয়ে গত মরশুমে IPL-এ মণীষ পাণ্ডের সঙ্গে তেজস্বী দাহিয়া

SMAT-এ ঝোড়ো ইনিংস, KKR-কে কৃতিত্ব তেজস্বীর

রবিবার হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩৬ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তেজস্বী। এই ইনিংসে ছিল ৯টি ছক্কা। ইনিংসের শেষ পাঁচ ওভারে মাত্র ১৭ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাটে। ১৯তম ওভারে পেসার সমন্ত জাখরের বিরুদ্ধে তোলেন ১৯ রান। তেজস্বীর দাপটেই ৬ উইকেটে ২৩২ রান তোলে দিল্লি। ৪৩ রানে ম্যাচ জেতে তারা।

বড় শট খেলার এই দক্ষতা বাড়ানোর জন্য কলকাতা নাইট রাইডার্সের গত মরশুমের অনুশীলনকে কৃতিত্ব দিয়েছেন তেজস্বী। বললেন, ‘অভিষেক নায়ার স্যর এবং KKR টিম ম্যানেজমেন্টের জন্য আমার ব্যাটিংয়ের ভিত আরও মজবুত হয়েছে। লম্বা লিভার ব্যবহার করা এবং ক্রিজ়ের ভিতরে গিয়ে বড় শট খেলা নিয়ে পরিশ্রম করেছিলাম। আর এটাই আমার পছন্দের টেকনিক। শেষের ওভারগুলিতে সেটাই কাজে লাগানোর চেষ্টা করি।’

KKR-এর হয়ে গত মরশুমে IPL-এ মণীষ পাণ্ডের সঙ্গে তেজস্বী দাহিয়া

কী ভাবে KKR-এর নজরে এসেছিলেন তেজস্বী?

IPL ২০২৫-এর নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন তেজস্বী। তবে দিল্লি প্রিমিয়ার লিগে (DPL) সাউথ দিল্লি সুপারস্টারজ়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন। ১৯০.৪৫ স্ট্রাইক রেটে করেন মোট ৩৩৯ রান। এই পারফরম্যান্সের জেরেই IPL ২০২৬-এর নিলামে তাঁকে নিয়ে একাধিক দলের মধ্যে দর কষাকষি শুরু হয়। শেষ পর্যন্ত ৩ কোটি টাকায় তাঁকে দলে নেয় KKR। তবে মাত্র দু’টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তেজস্বী। IPL ২০২৭-এর নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজ়ি।

KKR-এর হয়ে গত মরশুমে IPL-এ মণীষ পাণ্ডের সঙ্গে তেজস্বী দাহিয়া

নিজের ব্যাটিংয়ের কোন দিকগুলিতে বিশেষ জোর দিয়েছেন, সেই প্রশ্নের উত্তরে তেজস্বী জানান, শেষ দুই-তিন ওভারে বড় শট খেলার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন। এর পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধে স্কোয়্যারের দিকে সুইপ ও কাট শট খেলার অনুশীলন করেছেন তিনি। পাওয়ার হিটিংয়ের জন্য কসকো বল দিয়েও অনুশীলন করেন এই ব্যাটার।