হার্দিক পান্ডিয়ার কামব্যাকের দৌড়ে বড় ধাক্কা,ছবি: ANI

হার্দিক পান্ডিয়ার কামব্যাকের দৌড়ে বড় ধাক্কা, ছিটকে গেলেন এই টুর্নামেন্ট থেকে

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। আরও পিছিয়ে গেল হার্দিক পান্ডিয়ার কামব্যাক। ২০২৬ সালের IPL-এর পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি হার্দিককে। জাতীয় দলে ডাক পেলেও শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন চোটের জন্য। এ বার ঘরোয়া ক্রিকেটেও দেখা গেল সেই ছবি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য বরোদার ১৫ সদস্যের দলে নেই হার্দিক পান্ডিয়া। BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্স থেকে এখনও ফিট সার্টিফিকেট পাননি তিনি। হার্দিকের অনুপস্থিতিতে বরোদার অধিনায়ক হয়েছেন দাদা ক্রুণাল পান্ডিয়া।

ভারতের টি-টোয়েন্টি দলের জার্সিতে হার্দিক পান্ডিয়া

কেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে পারবেন না হার্দিক?

একাধিক রিপোর্টে প্রকাশ, বোলিংয়ের সময়ে এখনও অস্বস্তি হচ্ছে হার্দিকের। ব্যথা সারেনি পুরোপুরি। বেঙ্গালুরুতে BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে (CoE) অনেকদিনই রিহ্যাব চালাচ্ছেন তিনি। প্রথমে পিঠের পেশিতে টান নিয়ে সেখানে গিয়েছিলেন। পরে পায়ের পেশিতেও চোট পান। স্ক্যানের রিপোর্টে শিন বোনে নতুন করে চোটের বিষয়টি ধরা পড়ে।

এর পরে মেডিক্যাল টিমের সদস্যরা তাঁকে দু’সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। ধাপে ধাপে চলছে রিহ্যাব। পুরো ফিটনেস ফিরে না পাওয়া পর্যন্ত তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ঝুঁকি নিতে বারণ করেছেন চিকিৎসকরা। তাই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে পারবেন না হার্দিক।

ভারতের টি-টোয়েন্টি দলের জার্সিতে হার্দিক পান্ডিয়া

হার্দিককে ঘরোয়া ক্রিকেটে খেলতে বলেছিলেন গিলও

শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন হার্দিক। তাই ২০২৭ সালের ODI বিশ্বকাপের আগে এই তারকা অলরাউন্ডারের ফিটনেস ভারতের কাছে বড় চিন্তা। ভারতের কোচ গৌতম গম্ভীর আগেই জানিয়েছেন, পুরোপুরি ফিট না থাকা ক্রিকেটারকে বড় টুর্নামেন্টে নিয়ে যেতে চান না তিনি। অধিনায়ক শুবমান গিলও জানিয়েছিলেন, জাতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে হার্দিককে। কিন্তু সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকেও ছিটকে গেলেন তিনি।

ভারতের টি-টোয়েন্টি দলের জার্সিতে হার্দিক পান্ডিয়া

বরোদার দায়িত্বে ক্রুণাল, দলে একাধিক পরিচিত মুখ

হার্দিকের অনুপস্থিতিতে SMAT-এ বরোদাকে নেতৃত্ব দেবেন ক্রুণাল পান্ডিয়া। ১৫ সদস্যের দলে রয়েছেন জিতেশ শর্মা, দীপক হুডা ও রশিখ সালাম দারের মতো পরিচিত ক্রিকেটাররা। আগামী ১৪ নভেম্বর মুম্বইয়ে চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যাত্রা শুরু করবে বরোদা।