এই সময়: আজ ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ওপেনার হিসেবে অভিষেক শর্মার সঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা বৈভব সূর্যবংশীর। ঈশান কিষানের কুঁচকিতে চোট ধরা পড়ায় তিনি আজ দ্বিতীয় টি–টোয়েন্টিতে খেলতে পারছেন না। তাঁর বদলে প্রথম এগারোয় বৈভবের ঢুকে পড়ার সম্ভাবনা উজ্জ্বল। সে ক্ষেত্রে অভিষেক–বৈভব ওপেন করবেন, সঞ্জু নেমে আসবেন তিন নম্বরে। তিনি অবশ্য আগের ম্যাচেই ৩৩ বলে ৬৭ করে ম্যাচের সেরা হয়েছেন। এ দিকে, এই সিরিজ়ের বাকি ম্যাচগুলোর জন্য ব্যাক–আপ হিসেবে নেওয়া হতে পারে কুমার কুশাগ্রকে।
আগের ম্যাচে ২২৬ রান তাড়া করে রেকর্ড গড়ে জিতেছিল ভারত। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, এই মাঠের রানের উৎসব অনিবার্য। পরে ব্যাট করা টিম সুবিধে পাবে, কারণ ডিউ ফ্যাক্টর। আগের ম্যাচের শিশির পড়ার জন্য পরের দিকে ব্যাটিং করা সহজ হয়েছিল, তার ফায়দাও তুলেছিল ভারত। নমন ধীর ব্যাটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে চোখ টেনেছিলেন, এখানেও ব্যাট হাতে সফল। আগের ম্যাচে ভারতের জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। ১৫ বলে ৪২ নট আউট করেন তিনি। তাঁর সম্পর্কে ক্যাপ্টেন শ্রেয়স বলছেন, ‘যে কোনও টার্গেটে নমন মাথা ঠাণ্ডা রাখে, বিগ হিট মারতে পারে। যেটা সহজ নয়।’
এখনও পর্যন্ত ৮টি টি–টোয়েন্টি দেশের হয়ে খেলেছেন বৈভব। সর্বোচ্চ ৮১, স্ট্রাইক রেট ১৮৬। প্রথম এগারোয় এলে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ দুই অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপ্সকে খেলা। একই চ্যালেঞ্জ অভিষেকেরও। অফস্পিনের সামনে তাঁর দুর্বলতা সবার জানা।
বোলারদের মধ্যে নজরে থাকবেন ভুবনেশ্বর কুমার। প্রথম ম্যাচে উইকেট না পেলেও খারাপ বল করেননি ভুবি। ভারতের এই টিমে বুমরা ও হার্দিক নেই, তাঁদের বদলে খেলছেন ভুবি ও নীতীশ। কোচ গৌতম গম্ভীর এখন হার্দিকের বিকল্প হিসেবে নীতীশকে চাইছেন। যাতে শুধু টি–টোয়েন্টি নয়, পরের বছর বিশ্বকাপেও নীতীশকে প্ল্যান বি হিসেবে রাখা যায়।
এই সিরিজ়ে পাঁচটি টি–টোয়েন্টি ছাড়াও পাঁচটি ওয়ান ডে খেলতে হবে ভারতকে। সঙ্গে দুটি টেস্ট ম্যাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই দুই টেস্ট, কারণ ভালো ফল করলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে।