হর্ষিত-প্রসিধের ফিট হওয়ার অপেক্ষা, কিউয়ি সফরের দল ঘোষণা পিছিয়ে দিল ভারত
৪ নভেম্বর থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে নামবে ভারতীয় ক্রিকেট দল। তবে এখনও এই সফরের জন্য ভারত ODI এবং টেস্ট স্কোয়াড ঘোষণা করেনি। বরং দল নির্বাচন আরও পিছিয়ে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নেপথ্যে রয়েছে তিন ক্রিকেটারের ফিট হওয়ার অপেক্ষা। প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা ও ঋষভ পন্থের ফিটনেস আপডেট না পাওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না নির্বাচকরা। কেন এই পথে হাঁটছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট?
প্রসিধ, হর্ষিত ও ঋষভের ফিটনেস নিয়ে অপেক্ষা
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ODI-তে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন প্রসিধ কৃষ্ণ। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওই ম্যাচের পরে বেঙ্গালুরুতে BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে ফিট হওয়ার জন্য তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছিল।
অন্য দিকে, জুলাই মাস থেকে CoE-তে রয়েছেন আর এক পেসার হর্ষিত রানা। ৪ নভেম্বর থেকে শুরু হতে চলা ODI সিরিজ়ের আগে ২৫ অক্টোবর রিটার্ন-টু-প্লে ম্যাচ সিমুলেশন খেলার কথা হর্ষিতের।
ইরানি কাপের ম্যাচে সাইড স্ট্রেনের সমস্যায় পড়েন ঋষভ পন্থ। BCCI ইতিমধ্যেই জানিয়েছে, নিউ জ়িল্যান্ড A দলের বিরুদ্ধে ভারতীয় A দলের হয়ে প্রথম দু’টি মাল্টি-ডে ম্যাচে খেলতে পারবেন না তিনি।
দল নির্বাচন পিছিয়ে যাওয়া নিয়ে কী জানিয়েছে BCCI?
পন্থের চোট খুব গুরুতর না হলেও তাঁকে নিয়ে সতর্ক থাকতে চাইছে CoE। ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজ়ে ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা পন্থ। ফলে তাঁকে সম্পূর্ণ ফিট হিসেবে পেতে চাইছে দল। টেস্ট ও ODI— দুই ফরম্যাটেই ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য প্রসিধ। BCCI সূত্রে বলা হয়েছে, ‘পন্থ ও প্রসিধ — দু’জনের চোটই প্রাথমিকভাবে খুব গুরুতর বলে মনে হচ্ছে না। কিন্তু CoE কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাই দু’জনকেই তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে।’
দুই ফরম্যাটেই হর্ষিতকে চাইছে টিম ম্যানেজমেন্ট
হর্ষিত রানাকে নিয়েও আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূত্রের দাবি, দুই ফরম্যাটেই তাঁকে দলে চাইছেন নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। আট নম্বরে ব্যাট করতে পারেন, এমন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হর্ষিতকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।