মাত্র ১৫ বছরেই বিহারের অধিনায়ক বৈভব, এত কম বয়সে নেতৃত্বের দায়িত্ব নিয়ে কী বললেন হরভজন?
মাত্র ১৫ বছর বয়সেই সিনিয়র ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব পেল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ২০২৬-২৭ মরশুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম দু’টি ম্যাচের জন্য বিহার দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে এই কিশোর ব্যাটার। ১৪ নভেম্বর থেকে শুরু হবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা। তার আগে ইন্দোরে হতে চলা ম্যাচ দু’টির জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বিহার ক্রিকেট সংস্থা। এই দায়িত্বের মাধ্যমে বৈভবের নেতৃত্ব দেওয়ার দক্ষতাও পরখ করে নিতে চাইছে সংস্থা।
অল্প বয়সেই ক্রিকেটের একাধিক স্তরে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে বৈভব। গত মরশুমে রঞ্জি ট্রফির প্রথম দু’টি ম্যাচে বিহারের সহ-অধিনায়ক ছিল সে। মাত্র ১২ বছর বয়সে ২০২৪ সালের জানুয়ারিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। বয়সভিত্তিক ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচের একদিনের সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দেয় বৈভব। নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে চোটের কারণে খেলতে না পারায় সেই দায়িত্ব পেয়েছিল সে। পরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও হয়।
সম্প্রতি নিউ জ়িল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছিল বৈভব। দু’টি ম্যাচে খেলার সুযোগ পেলেও ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে নজর কাড়ে সে। মাত্র ১৯ বলে ৪৫ রান করে অভিষেক শর্মার সঙ্গে ভারতের হয়ে শুরুটা দুরন্ত করে। প্রথম ছ’ওভারে বিনা উইকেটে ১১৮ রান তুলে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল ভারত। পরে অভিষেকের ৩৮ বলে ১১৩ রানের ইনিংসে ভর করে ১৯৯ রানের লক্ষ্য টপকে যায় দল।
বৈভবের নেতৃত্বে আস্থা, মুগ্ধ হরভজন
বৈভবের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। কলকাতায় এসে তিনি বলেন, ‘ওর প্রতিভা আছে, ভালো খেলছে। ওর নেতৃত্বের দায়িত্ব দেওয়া নিয়ে কোনও সমস্যা আছে বলে আমার মনে হয় না। বরং এই দায়িত্ব পেলে আরও শিখবে, ওর উন্নতিই হবে।’ বৈভবের প্রতিভা নিয়ে আরও উচ্ছ্বসিত হরভজনের মন্তব্য, ‘বৈভব এখন যা করছে, আগে কেউ কখনও তা করতে পারেনি। ও অবিশ্বাস্য প্রতিভার অধিকারী। ওর মতো প্রতিভাবান ক্রিকেটারকে আগে কখনও দেখেছি বা তাঁর বিরুদ্ধে খেলেছি বলে মনে পড়ে না।’
বিহার ক্রিকেট সংস্থার সভাপতি হর্ষবর্ধনও বৈভবের নেতৃত্ব নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘খুব কম বয়সেই বৈভব নিজের অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। ওর নেতৃত্বে দল শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলবে এবং প্রতিপক্ষকে কঠিন লড়াই দেবে বলে আমাদের আশা।’
প্রসঙ্গত, সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ ‘বি’-তে বিহারের সঙ্গে রয়েছে দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রেলওয়েজ়, সৌরাষ্ট্র এবং তামিলনাড়ু। ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বিহার।