নিউ জ়িল্যান্ড সফরের জন্য ভারতের ওডিআই ও টেস্ট দল ঘোষণা।,ছবি: সংগৃহীত

নিউ জ়িল্যান্ড সফরের ভারতীয় দল ঘোষণা, ODI সিরিজ়ে নেই বুমরা, ব্রাত্য সামি, ফিরলেন আকাশ দীপ

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের ও টেস্ট সিরিজ়ের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শুক্রবার ঘোষিত দলে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান গিল (Shubman Gill)। সহ-অধিনায়ক করা হয়েছে কেএল রাহুলকে (KL Rahul)। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করেও টেস্ট দলে জায়গা হলো না অভিজ্ঞ পেসার মহম্মদ সামির (Mohammed Shami)। ব্রাত্য থাকলেন তরুণ স্পিনার মানব সুতারও।

অন্য দিকে, একদিনের সিরিজ়ের প্রথম তিনটি ম্যাচে নেতৃত্ব দেবেন গিল। চতুর্থ ও পঞ্চম ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টেস্ট দলে জায়গা পেয়েছেন জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়ালদের মতো তারকারা। তবে ঋষভ পন্থের টেস্ট সিরিজ়ে খেলা নির্ভর করবে তাঁর ফিটনেসের উপর।

টেস্ট দলে ব্রাত্য সামি, সুযোগ পেলেন না মানব সুতারও

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে BCCI ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে। ব্যাটিং বিভাগে রয়েছেন যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কাল ও সাই সুদর্শন। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে ঋষভ পন্থ ও ধ্রুব জুরেলকে। তবে বাঁ দিকের পেশিতে টান লাগায় নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম দু’টি বেসরকারি টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন পন্থ। তাঁকে টেস্ট দলে রাখা হলেও, শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে চোট থেকে তাঁর সেরে ওঠা এবং ফিটনেস পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার উপর।

অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। স্পিন বিভাগে ভরসা কুলদীপ যাদব। পেস আক্রমণে রয়েছেন জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ ও অংশুল কম্বোজ। তবে গত বছর ইংল্যান্ড সফরে একটি টেস্ট খেলার সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি কম্বোজ। ১০৮ রান খরচ করে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। তার উপর আবার, অন্য পেসারদের মতো বলের গতিতেও প্রতিপক্ষকে চাপে ফেলার মতো বাড়তি সুবিধা নেই তাঁর। তবু তিনি দলে, ব্রাত্য সামি।

দীর্ঘ দিন ধরে ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম ভরসা এই অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা ও সাফল্যও যথেষ্ট সমৃদ্ধ। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। রঞ্জি ট্রফিতেও বল হাতে নজর কেড়েছেন। তা সত্ত্বেও নিউ জ়িল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ বিদেশ সফরের দলে জায়গা না পাওয়ায় বিতর্ক শুরু হয়েছে। অথচ টেস্ট দলে মহম্মদ সামির প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সূত্রের খবর, টিম ম্যানেজমেন্টের মতে দীর্ঘ পরিসরের ক্রিকেট তো বটেই, ৫০ ওভারের ম্যাচ খেলার মতো ফিটনেসও এখনও ফিরে পাননি বাংলার এই পেসার। সেই কারণেই তাঁকে দল নির্বাচনের সময় বিবেচনা করা হয়নি। তবে সামি সুযোগ না পেলে বাংলার আর এক তারকা আকাশ দীপ টেস্ট টিমে সুযোগ পেয়েছে। এ দিকে টেস্ট দলে জায়গা হয়নি তরুণ স্পিনার মানব সুতারেরও।

ভারতীয় টিমের ছবি।

গত রঞ্জি ট্রফির মরশুমে ৬০টি উইকেট নিয়েছিলেন পেসার অকিব নবি। তাঁকেও টেস্ট দলে রাখা হয়নি। তবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম একদিনের ম্যাচের দলে জায়গা পেয়েছেন তিনি।

বুমরা শুধু টেস্টে, গিলের জায়গায় ওডিআইয়ে নেতৃত্বে শ্রেয়স

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান গিল। এর পর টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য এক দিনের দল ছাড়বেন তিনি। কেএল রাহুলও চতুর্থ ও পঞ্চম এক দিনের ম্যাচে খেলবেন না। সেই দুই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। একদিনের সিরিজ়ের দলে জায়গা হয়নি জশপ্রীত বুমরার। তিনি শুধু টেস্ট সিরিজ়েই খেলবেন। গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন এই তারকা পেসার। সেই দুই ম্যাচের সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে হেরেছিল ভারত।

প্রথম তিনটি একদিনের ম্যাচের দলে প্রসিদ্ধ কৃষ্ণকে রাখা হলেও তাঁর খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার উপর। অন্য দিকে, ২০২৬ সালের IPL-এর পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই একদিনের দলেও জায়গা হয়নি তাঁর।

প্রথমে ভারত ও নিউ জ়িল্যান্ডের মধ্যে তিনটি একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির জনপ্রিয়তার কথা মাথায় রেখে সিরিজ়টি বাড়িয়ে পাঁচ ম্যাচের করা হয়েছে। নিউ জ়িল্যান্ডে এটাই তাঁদের শেষ সফর হতে পারে বলে মনে করা হচ্ছে। একদিনের সিরিজ়ের পর ভারত ‘এ’-র হয়ে খেলতে পারেন ক্রিকেটারেরা

ভারত-নিউ জ়িল্যান্ড একদিনের সিরিজ় শুরু হবে ৪ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রথম তিনটি ম্যাচের পর যে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হবে, তাঁদের অধিকাংশেরই ৭ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত ‘এ’ বনাম নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের তৃতীয় তথা শেষ বেসরকারি টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, টেস্ট দলে সুযোগ পাওয়া আকাশ দীপেরও নিউ জ়িল্যান্ডের পরিবেশে খেলার আগে প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ রয়েছে। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’-র প্রথম দু’টি বেসরকারি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচগুলি তাঁকে আসন্ন টেস্ট সিরিজ়ের জন্য প্রস্তুত হতে সাহায্য করতে পারে।

ভারতীয় টিমের ছবি।

নভেম্বরেই টেস্ট সিরিজ়, কবে কোথায় ম্যাচ?

ভারতের নিউ জ়িল্যান্ড সফরের শেষ পর্বে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ়। প্রথম টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর, ওয়েলিংটনের বেসিন রিজ়ার্ভে। দ্বিতীয় তথা শেষ টেস্ট হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম টেস্টের পর ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে যেতে হবে দুই দলকে। ফলে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাবে না তারা।

টেস্ট সিরিজ়ের আগে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ় খেলবে ভারত। ২২ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ়। এর পর ৪ নভেম্বর থেকে শুরু হবে একদিনের সিরিজ়। সব শেষে হবে টেস্টের লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ওঠার দৌড়ে ভারতের কাছে এই টেস্ট সিরিজ় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথম তিনটি এক দিনের ম্যাচের জন্য ভারতের দল

শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষান (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ*, কুলদীপ যাদব।

চতুর্থ ও পঞ্চম এক দিনের ম্যাচের জন্য ভারতের দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিষান (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।

নিউ জ়িল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দল

শুবমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, ঋষভ পন্থ (উইকেটকিপার)*, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অংশুল কম্বোজ, জশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

প্রসিদ্ধ কৃষ্ণের প্রথম তিনটি এক দিনের ম্যাচে খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার উপর। ঋষভ পন্থের টেস্ট সিরিজ়ে খেলার বিষয়টিও তাঁর চোট থেকে সেরে ওঠা এবং ফিটনেসের উপর নির্ভর করছে।