উসমান খোয়াজা,Ei Samay

‘গোটা দল জানত, বলির পাঁঠা হয়েছিল ৩ জন,’ স্যান্ডপেপারগেট নিয়ে বিস্ফোরক খোয়াজা

২০১৮ সালের মার্চ মাস। দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস টেস্টে ক্যামেরন ব্যানক্রফটের পকেট থেকে শিরীষ কাগজ বের করে অন্তর্বাসে লুকোনোর সেই দৃশ্য বদলে দিয়েছিল বিশ্ব ক্রিকেটের দিক। তৎকালীন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া; ব্যানক্রফট পেয়েছিলেন নয় মাসের নিষেধাজ্ঞা। এতদিন ক্রিকেট দুনিয়া জানত, এই তিনজনের মাথা থেকেই বেরিয়েছিল বল বিকৃতির সেই নীল-নকশা। কিন্তু দীর্ঘ আট বছর পর সেই সত্যকে ভুল প্রমাণ করে এক নতুন সত্য ফাঁস করলেন সদ্য প্রাক্তন হওয়া অস্ট্রেলীয় ওপেনার উসমান খোয়াজা। তাঁর দাবি—গোটা অস্ট্রেলীয় ড্রেসিংরুমই জানত বল বিকৃতির কথা, আর কেপটাউন নয়, তার আগের পোর্ট এলিজাবেথ টেস্ট থেকেই শিরীষ কাগজ দিয়ে বলের পালিশ নষ্ট করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার টেস্ট দলের জার্সি ও ব্যাগি গ্রিন ক্যাপ পরে উসমান খোয়াজা।

আত্মজীবনীর একটি অধ্যায় উৎসর্গ তিন সতীর্থকে

আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে খোয়াজার আত্মজীবনী ‘সবর’ (Sabr)। বইয়ের একটি অধ্যায় উৎসর্গ করা হয়েছে নির্বাসিত তিন সতীর্থ—স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে। খোয়াজা লিখেছেন, ‘কেপটাউনের আগে পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্ট চলাকালীন দলের ড্রেসিংরুমের ভেতরেই এক খেলোয়াড় শিরীষ কাগজ ব্যবহার করেছিলেন। বলের একদিক দারুণ খসখসে হয়ে যাওয়ায় সবাই বুঝতে পারে এতে রিভার্স সুইং কতটা মারাত্মক হতে পারে। তখনই ব্যানক্রফট নিজে উদ্যোগী হয়ে বলে যে ও মাঠে এটা নিয়ে নামবে।’ খোয়াজা আরও যোগ করেন, তখন শুরুতে সেশনের শুরুতে মাঠে নামার মুখেই বল ঘষা হতো, কিন্তু কেপটাউনে তা মাঠের ভেতরেই শুরু হয়। এমনকী অস্ট্রেলিয়ার এক সহকারী কোচ ব্যানক্রফটকে এই কাজ আরও বেশি করে করার জন্য উৎসাহ দিয়েছিলেন।

‘আমি কাউকে বিপদে ফেলতে আসিনি’

বইয়ের এই বয়ান ফাঁস হতেই অস্ট্রেলীয় মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে, খোয়াজা বর্তমান সতীর্থদের বিপদে ফেলছেন। এর জবাবে রবিবার ইনস্টাগ্রামে পাঁচ মিনিটের একটি দীর্ঘ ভিডিয়ো পোস্ট করে খোয়াজা বলেন, ‘আমি কাউকে বিপদে ফেলতে আসিনি। বর্তমান দলে যারা আছে বা সেদিন দক্ষিণ আফ্রিকা সফরে আমি সহ যারা ছিলাম, আমরা কেউ কিন্তু অপরাধী নই। আসল অপরাধী ওই তিনজন। কারণ ওরা গোটা দলের হয়ে একা সমস্ত দোষ নিজের ঘাড়ে তুলে নিয়েছিল। ওদের বিশ্বের মানুষ ‘প্রতারক’ বলে গালিগালাজ করেছে, মাঠে দর্শকরা কটূক্তি করেছে, ওদের প্রকাশ্যে অপমানের শিকার হতে হয়েছে।’

অস্ট্রেলিয়ার টেস্ট দলের জার্সি ও ব্যাগি গ্রিন ক্যাপ পরে উসমান খোয়াজা।

খোয়াজা জানান, ২০১৮ সালে যখন স্মিথ-ওয়ার্নারদের ওপর শাস্তির খাঁড়া নেমে আসে, তখন তিনি সাংবাদিকদের সব সত্যি বলে দিতে চেয়েছিলেন। কিন্তু স্মিথ তাঁকে আটকে দিয়ে জানান, নেতা হিসেবে তিনি নিজেই সব দায় বহন করবেন।

এদিকে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন তৎকালীন অজ়ি হেড কোচ ড্যারেন লেম্যান। তিনি জানান, পুরো ক্যাম্প এটা জানত—এটা সত্যি নয়। ক্রিকেট অস্ট্রেলিয়াও এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে, ২০১৮ সালের তদন্ত প্রক্রিয়ার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং নতুন করে এই বিতর্ক নিয়ে ভাবার কোনও কারণ নেই।