বিদেশি লিগে খেলতে দিতে হবে ১০ হাজার ডলার, পাক ক্রিকেটারদের থেকে টাকা তুলছে PCB
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিতর্কে জড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলার জন্য ক্রিকেটারদের নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দিতে টাকা চাইছে PCB। এ বার আবু ধাবি T10 লিগেও সেই একই নিয়ম চালু করতে চলেছে তারা। জানা গিয়েছে, NOC দিতে ১০ হাজার ডলার চাইছে PCB। বোর্ডের এই সিদ্ধান্তের জেরে প্রতিযোগিতায় পাকিস্তানের একাধিক ক্রিকেটারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে আবু ধাবি T10 লিগ। সব ম্যাচ হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। কিন্তু বোর্ডের আর্থিক দাবি পূরণ না হলে এই প্রতিযোগিতায় মাঠে নামতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটাররা।
NOC পেতে টাকা দিতে হবে ক্রিকেটারদের
আবু ধাবি T10 লিগে বিভিন্ন দলের হয়ে খেলার কথা রয়েছে পাকিস্তানের শাদাব খান, নাসিম শাহ, ফখর জ়মান, সলমন ইরশাদ, সুফিয়ান মুকিম, ইফতিকার আহমেদ, আব্বাস আফ্রিদি এবং ফাহিম আশরাফের। কিন্তু তাঁদের খেলা নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতির উপর।
বোর্ডের তরফে জানানো হয়েছে, NOC পেতে হলে ক্রিকেটারদের নিজেদের পকেট থেকে নির্দিষ্ট টাকা দিতে হবে। সেই টাকা জমা না দিলে মিলবে না খেলার অনুমতি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার করে চাইছে PCB। পাকিস্তানের সাংবাদিক অরঙ্গজ়েব ইউনিস এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন। এর আগে শোনা গিয়েছিল, বিদেশি লিগের আয়োজকদের কাছ থেকেই ক্রিকেটারদের NOC দেওয়ার জন্য টাকা চাইছিল PCB। এ বার সেই টাকা সরাসরি ক্রিকেটারদের কাছ থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
MLC ও NPL-এর কাছেও টাকা চেয়েছিল PCB
এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। মেজর লিগ ক্রিকেট (MLC) এবং নেপাল প্রিমিয়ার লিগের (NPL) কর্তারা অভিযোগ করেছিলেন, তাঁদের কাছ থেকে NOC দেওয়ার জন্য টাকা চাইছিল PCB। অভিযোগ অনুযায়ী, প্রতিযোগিতা শুরুর ঠিক আগে ফ্র্যাঞ্চাইজ়ি বা দলের কর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। পাকিস্তানের ক্রিকেটারদের খেলার অনুমতি দিতে টাকা দাবি করা হতো।
ফলে শেষ মুহূর্তে সমস্যায় পড়ত দলগুলি। হয় পাকিস্তানের ক্রিকেটারকে ছেড়ে দিতে হতো, নয়তো দ্রুত টাকা দিয়ে তাঁকে খেলার সুযোগ করে দিতে হত। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ক্রিকেটারের NOC দেওয়ার জন্য এ ভাবে টাকা চাওয়ার ঘটনা বেশ অস্বাভাবিক। PCB-র এই সিদ্ধান্তে বিদেশি লিগের আয়োজকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে।
NPL-এ বাদ পড়েছেন পাকিস্তানের সব ক্রিকেটার
PCB-র এই আর্থিক দাবির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বিদেশি ফ্র্যাঞ্চাইজ়ি লিগগুলিতে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের (SA20) ২০২৭ সালের নিলামেও কোনও পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যায়নি। নেপাল ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে NOC-র টাকা নিয়ে বিরোধের জেরে ২০২৬ সালের নেপাল প্রিমিয়ার লিগের আসর থেকেও বাদ পড়েছেন পাকিস্তানের সব ক্রিকেটার। আগামী দিনে PCB নিজেদের অবস্থানে অনড় থাকলে মেজর লিগ ক্রিকেট-সহ অন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজ়ি লিগগুলিও পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া থেকে পিছিয়ে আসতে পারে। ফলে বোর্ডের এই সিদ্ধান্তের বড় মাশুল দিতে হতে পারে সে দেশের ক্রিকেটারদেরই।