‘১৫ বছরের ছেলের এই ক্ষমতা থাকে না’, বৈভবের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ পাক তারকার
এশিয়া কাপ রাইজ়িং স্টার্সের ম্যাচে ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী। মঙ্গলবার UAE-র বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলেছে ভারতের এই ১৫ বছরের ব্যাটার। ২৮টি ছক্কা ও সাতটি বাউন্ডারিতে সাজানো ছিল এই বিধ্বংসী ইনিংস। বৈভবের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। কিন্তু বৈভবের এমন আগ্রাসী ব্যাটিং দেখে তাঁর বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তনবীর আহমেদ। তাঁর দাবি, ১৫ বছরের কোনও ক্রিকেটারের পক্ষে এত শক্তি প্রয়োগ করে এ ভাবে ছক্কা মারা সম্ভব নয়। আর কী জানালেন তিনি?
‘ও ১৫ বছরের কোনও বাচ্চা নয়’
একটি পডকাস্টে বৈভবের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে তার বয়স নিয়ে প্রশ্ন তোলেন তনভীর। তাঁর মতে, ১৫ বছরের কিশোরের পক্ষে এক ইনিংসে ২৮টি ছক্কা মারা সম্ভব নয়। তনবীর বলেন, ‘ বৈভব ১৫ বছরের বাচ্চা নয়। ওর বয়স অন্তত ২০-২১ বছর হবে। কারণ, যতই প্রতিভাবান হোক না কেন, ১৫ বছরের কোনও প্লেয়ার এক ইনিংসে ২৮টি ছক্কা মারতে পারে না। এ ভাবে ছক্কা মারার ক্ষমতা ওই বয়সের ছেলের থাকে না।’
বরং বৈভবের শারীরিক গঠন এবং বয়স নির্ধারণী পরীক্ষার কথাও তোলেন তনবীর। তিনি বলেন, ‘১৫ বছরের একটি ছেলের শারীরিক গঠন এত শক্তিশালী হতে পারে না। ওর হাত ও কাঁধে এত শক্তি থাকার কথা নয়। আমি বিশ্বাস করি না যে ওর বয়স ১৫ বছর। হতে পারে ওর বয়স ২০ বা ২১। বয়স যাচাইয়ের পরীক্ষা করানো উচিত। কবজির পরীক্ষাও করানো হোক। আমি এটা বিশ্বাস করতে পারছি না।’
পাক তারকার এই মন্তব্যে বাড়ল বিতর্ক। তবে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এর নিন্দা করেছেন। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে বৈভবকে এমন ইনিংসের জন্য যোগ্য সম্মান না দিয়ে তার বয়স নিয়ে প্রশ্ন তুলে অভব্যতা করছেন তনবীর।
৫৩ বলে ২০৪, কোন কোন রেকর্ড ভেঙেছে বৈভব?
তনবীরের এমন মন্তব্যের নেপথ্যে রয়েছে UAE-র বিরুদ্ধে বৈভবের ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস। মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে সে। এই ইনিংসের সৌজন্যে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েছে বৈভব। দ্রুততম সেঞ্চুরি ও ১৫০ রানের নজিরও তার দখলে। এর পাশাপাশি পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েছে বৈভব।
টি-টোয়েন্টি ক্রিকেটে আগেই নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের পরিচয় দিয়েছিল বৈভব। এ বার ৫০ ওভারের ক্রিকেটেও নিজের দক্ষতার প্রমাণ দিল ভারতের এই তরুণ ব্যাটার।
১. বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন কে?
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তনবীর আহমেদ একটি পডকাস্টে বৈভবের বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
২. বৈভবের বয়স নিয়ে কী দাবি করেছেন তনবীর আহমেদ?
তনবীরের দাবি, বৈভবের বয়স ১৫ বছর নয়, বরং ২০-২১ বছর হতে পারে। তাঁর মতে, ১৫ বছরের কোনও ক্রিকেটারের পক্ষে এক ইনিংসে ২৮টি ছক্কা মারা কঠিন।
৩. বৈভবের বয়স যাচাইয়ের জন্য কী দাবি করেছেন তনবীর?
বৈভবের বয়স নিয়ে নিশ্চিত হতে বয়স নির্ধারণী পরীক্ষা এবং কবজির পরীক্ষা করানোর দাবি জানিয়েছেন তনবীর।
৪. UAE-র বিরুদ্ধে বৈভব সূর্যবংশী কত রান করেছিলেন?
এশিয়া কাপ রাইজ়িং স্টার্সের ম্যাচে UAE-র বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন বৈভব। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও সাতটি বাউন্ডারি।
৫. বৈভব সূর্যবংশী কোন কোন রেকর্ড গড়েছেন?
পুরুষদের List A ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান, দ্রুততম শতরান ও ১৫০ রানের নজির গড়েছেন বৈভব। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও তাঁর দখলে।