প্রসিধের চোটে খুলল কপাল, কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় দলে এলেন আকিব নবি
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়ের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ পেসার প্রসিধ কৃষ্ণ। তাঁর জায়গায় কে সুযোগ পাবেন, তা নিয়ে বাড়ছিল জল্পনা। শনিবার সেই জল্পনার অবসান ঘটাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতের ODI স্কোয়াডে ডাক পেলেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। পাঁচ ম্যাচের সিরিজ়ের শেষ দু’টির জন্য আগেই দলে ছিলেন তিনি। প্রসিধ ছিটকে যাওয়ায় প্রথম তিনটি ODI-র জন্য স্কোয়াডেও ডাক পেলেন আকিব। ফলে বিদেশের মাটিতে ভারতের হয়ে পাঁচ ম্যাচেই খেলার সুযোগ থাকছে তাঁর সামনে।
প্রসিধের চোট নিয়ে কী জানাল BCCI?
ভারতীয় দলে এই বদল নিয়ে শনিবার এক বিবৃতিতে বিশদে জানিয়েছে BCCI। সেখানে বলা হয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি প্রসিধ কৃষ্ণ। প্রতিযোগিতামূলক ম্যাচে বোলিংয়ের ধকল সামলানোর জন্য তাঁর আরও কিছুটা সময় লাগবে। তাই দলে এসেছেন আকিব নবি।
ভারতীয় ‘A’ দলের হয়ে ভালো ছন্দে আকিব
সম্প্রতি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ‘A’ দলের হয়ে প্রথম বেসরকারি টেস্টে খেলেছিলেন আকিব। লিঙ্কনে আয়োজিত ওই ম্যাচে ৬ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। পেস-সহায়ক উইকেট কাজে লাগিয়ে ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান আকিব।
কিউয়ি সফরের আগে ভারতীয় ‘A’ দলের তিনটি আনঅফিশিয়াল টেস্টের স্কোয়াডেই ছিলেন তিনি। তবে শুক্রবার তাঁকে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দল থেকে সরিয়ে নেওয়া হয়। এ বার ডাক পেলেন ODI স্কোয়াডে। এর আগে ইরানি কাপে রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের হয়ে চার উইকেট নিয়েছিলেন আকিব।
ODI অভিষেকে হতাশ করেছিলেন আকিব
৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে ODI অভিষেক হয়েছিল আকিবের। তবে ওই ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। ৮.৫ ওভার বল করে ৮৪ রান দিয়েছিলেন এই পেসার। এর পরে আর সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ফের দলে ফিরলেন আকিব। এখন দেখার কিউয়িদের বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারেন তিনি।
FAQ
প্রসিধ কৃষ্ণের বদলে ভারতীয় ODI দলে কে সুযোগ পেলেন?
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়ের জন্য প্রসিধ কৃষ্ণের বদলে ভারতীয় দলে জায়গা পেয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি।
কেন ভারতীয় দল থেকে ছিটকে গেলেন প্রসিধ কৃষ্ণ?
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন প্রসিধ কৃষ্ণ। প্রতিযোগিতামূলক ম্যাচে বোলিংয়ের ধকল সামলাতে তাঁর আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে BCCI।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কয়টি ODI-তে খেলার সুযোগ রয়েছে আকিব নবির?
আগে সিরিজ়ের শেষ দুটি ODI-র দলে ছিলেন আকিব। প্রসিধের পরিবর্ত হিসেবে প্রথম তিনটি ম্যাচের স্কোয়াডেও জায়গা পাওয়ায় পাঁচ ম্যাচেই খেলার সুযোগ রয়েছে তাঁর।
ভারতীয় A দলের হয়ে কেমন পারফরম্যান্স করেছেন আকিব নবি?
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ছয়টি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন আকিব। ইরানি কাপেও রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের হয়ে চারটি উইকেট নিয়েছিলেন তিনি।
আকিব নবির ODI অভিষেক কবে হয়েছিল?
৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI অভিষেক হয়েছিল আকিবের। ওই ম্যাচে ৮.৫ ওভার বল করে ৮৪ রান দিয়েছিলেন তিনি।