রঞ্জিতে নয়া বিতর্ক, ৩ ম্যাচ খেলা গোটা দল রাতারাতি বাতিল, মাঠে নামলেন নতুন ক্রিকেটাররা
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বিতর্ক নতুন কিছু নয়। বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থার অন্দরের কোন্দল বারবার প্রভাব ফেলেছে মাঠের খেলায়। এ বার সেই বিতর্কে জড়াল মেঘালয় ক্রিকেট। রঞ্জি ট্রফির (Ranji Trophy) চলতি মরশুমে নজিরবিহীন ঘটনা ঘটল এই রাজ্যের দলের সঙ্গে। ম্যাচের ঠিক আগের রাতে বদলে দেওয়া হলো গোটা দল। এমন কী, আগের তিনটি ম্যাচে খেলা ক্রিকেটারদের কাউকেই নাগাল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে দেওয়া হলো না। নতুন ক্রিকেটারদের নিয়ে ম্যাচ শুরু করতে হলো মেঘালয়কে। হঠাৎ কী ঘটল?
ঘটনাটা আসলে কী?
অক্টোবরে শুরু হয়েছে ২০২৬-২৭ মরশুমের রঞ্জি ট্রফি। ২ নভেম্বর থেকে শুরু হয়েছে গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচ। প্লেট গ্রুপে নাগাল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল মেঘালয়। কিন্তু মাঠে নেমেই দেখা যায়, দলের চেনা মুখগুলির কেউই নেই। শুধু প্রথম একাদশ নয়, দলের পুরো তালিকাই বদলে গিয়েছে। আগের তিনটি রাউন্ডে যাঁরা খেলেছিলেন, তাঁদের কাউকেই এই ম্যাচে রাখা হয়নি। যে ঘটনা রীতিমতো চমকে দেওয়ার মতোই।
রিপোর্ট অনুযায়ী, মেঘালয় ক্রিকেট সংস্থার অন্দরের ক্ষমতার লড়াইয়ের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থাটি আপাতত দু'টি শিবিরে বিভক্ত। এক দিকে রয়েছেন সভাপতি জেমস সাংমা, অন্য দিকে সচিব রেয়নাল্ড খারকামনি। দু'জনের মধ্যে বিরোধ গড়ায় মেঘালয় হাই কোর্ট পর্যন্ত। সেখানে সভাপতি সাংমার পক্ষেই রায় দেয় আদালত। আগের তিনটি ম্যাচে যে দল খেলেছিল, সেই দলকে অবৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি সচিবের শিবিরের তৈরি অ্যাপেক্স কাউন্সিলের সমস্ত সিদ্ধান্ত এবং দলের নির্বাচনও বাতিল করে দেয় আদালত।
ম্যাচের আগের রাতে নতুন দল, তৈরি ছিল না ক্রিকেটাররা
আদালতের নির্দেশের পর রাতারাতি নতুন দল তৈরি করা হয়। কিন্তু আগের দলের ক্রিকেটাররা এই পরিবর্তনের বিষয়ে কিছুই জানতেন না। তাঁরা ম্যাচ খেলতে মাঠেও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ম্যাচ রেফারি তাঁদের জানিয়ে দেন, এই ম্যাচে খেলার অনুমতি নেই তাঁদের। কারণ, BCCI নতুন দলকে স্বীকৃতি দিয়েছে।
ক্রিকইনফোর (Cricinfo) একটি প্রতিবেদন অনুযায়ী, পুরনো দলের ক্রিকেটাররা ম্যাচের আগের সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করেছিলেন। অথচ নতুন দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের কেউই ম্যাচের আগে কোনও প্রস্তুতি নিতে পারেননি। এমন কী, নতুন দলের দু’-তিন জন ক্রিকেটার ম্যাচের আগে পর্যন্ত নিজেদের সতীর্থদের সঙ্গেও পরিচিত ছিলেন না। ফলে কোনও রকম প্রস্তুতি ছাড়াই নাগাল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে হয় মেঘালয়কে।
মহিলা ক্রিকেটারদের অভিযোগের ভিত্তিতেই শুরু হয় বিতর্ক
মেঘালয় ক্রিকেট সংস্থার এই সংঘাতের পিছনে রয়েছেন সচিব রেয়নাল্ড খারকামনি। চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-২৩ মহিলা ক্রিকেট দলের কয়েক জন ক্রিকেটার যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ, সেই বিষয়ে কোনও পদক্ষেপ করেননি সচিব। এর পরেই তাঁকে সাসপেন্ড করেন সংস্থার সভাপতি জেমস সাংমা।
নিজের সাসপেনশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন খারকামনি। কিন্তু আদালতের রায় তাঁর পক্ষে যায়নি। সেই আইনি লড়াইয়ের জেরেই মেঘালয় ক্রিকেটে তৈরি হয়েছে এই নজিরবিহীন পরিস্থিতি। যার সরাসরি প্রভাব পড়ল রঞ্জি ট্রফির মাঠে।