রাজস্থানে থাকতে নারাজ যশস্বী জয়সওয়াল,ছবি: ANI

IPL 2027-এ যশস্বীকে নেওয়ার দৌড়ে ৪ দল, রাজস্থানে থাকতে নারাজ তারকা ওপেনারও

রাজস্থান রয়্যালসে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না কিছুতেই। IPL ২০২৭-এর আগামী মরশুমের আগে দল ছাড়ার কথা জানিয়েছেন এই তারকা ওপেনার। একাধিক ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে তাঁকে ট্রেড করার বিষয়ে আলোচনাও চালাচ্ছে RR। একাধিক রিপোর্টে প্রকাশ, বাঁহাতি এই ওপেনারকে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে চার দল। আপাতত কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় যশস্বীকে দলে ধরে রেখেছে রাজস্থান। তবে ক্যাপ্টেন্সি না পাওয়ায় থাকতে চাইছেন না তিনিও। কোন দল এগিয়ে তরুণ তুর্কিকে নেওয়ার রেসে?

যশস্বীকে নিতে চেয়েও পিছিয়ে গিয়েছে লখনৌ-দিল্লি

রিপোর্টে প্রকাশ, গত দু’মাসে একাধিক দলের সঙ্গে যশস্বীকে নিয়ে আলোচনা করেছে রাজস্থান (Rajasthan Royals)। সেই তালিকায় ছিল লখনৌ সুপার জায়ান্টস (LSG)। রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলেছিল। কিন্তু রাজস্থান যে দুই ক্রিকেটারকে চেয়েছিল, তাঁদের ছাড়তে রাজি হয়নি LSG। তাই ভেস্তে যায় সম্ভাব্য ট্রেড। দিল্লি ক্যাপিটালসও (DC) যশস্বীকে দলে নিতে আগ্রহী ছিল। কেএল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে এই তরুণ তুর্কিকে চেয়েছিল তারা। কিন্তু দিল্লির পক্ষ থেকে যে ক্রিকেটারদের চাওয়া হয়েছিল, তাতে রাজি হয়নি রাজস্থানের। ফলে সেই কার্যকর হয়নি এই ডিল।

রাজস্থান রয়্যালসের প্র্যাকটিসে যশস্বী জয়সওয়াল

দৌড়ে এগিয়ে KKR?

যশস্বীর ট্রেড নিয়ে ইতিমধ্যেই KKR-এর সঙ্গে এক দফা কথা হয়েছে রাজস্থানের। একাধিক রিপোর্টে প্রকাশ সুনীল নারিন ও অঙ্গকৃষ রঘুবংশীকে চেয়েছিল RR। তবে রাজি হয়নি নাইট রাইডার্স। তবে এখনও এই তরুণ ওপেনারকে নেওয়ার দৌড়ে আছে কলকাতা এমনটাই জানা গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সও যশস্বীকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এক সূত্র জানিয়েছে, রাজস্থান এখনও যশস্বীকে ধরে রাখতে চায়। কিন্তু তিনি নিজে খুশি নয় বলে বিকল্প খোঁজার কাজও শুরু হয়েছে।

রাজস্থান রয়্যালসের প্র্যাকটিসে যশস্বী জয়সওয়াল

অধিনায়কত্ব পাননি বলেই দল ছাড়ছেন যশস্বী?

২০২০ সাল থেকে যশস্বীকে ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। ধারাবাহিক পারফরম্যান্সও করেছেন তিনি। কিন্তু রাজস্থান গত মরশুমে রিয়ান পরাগকে অধিনায়ক করার পরে পরিস্থিতি বদলাতে শুরু করে। নতুন ম্যানেজমেন্ট তাঁকেই নেতৃত্বে রাখতে আগ্রহী। অন্য দিকে, যশস্বী চেয়েছিলেন অধিনায়ক হতে। এই বিষয়টি নিয়েই দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে ধারণা।

রাজস্থান রয়্যালসের প্র্যাকটিসে যশস্বী জয়সওয়াল

IPL ২০২৭-এর প্রথম ট্রেডিং উইন্ডো বন্ধ হবে ৯ ডিসেম্বর। তার ঠিক সাত দিন পর, ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে মিনি নিলামের আসর। তবে নিলামের পরেও দলগুলির সামনে ক্রিকেটার অদলবদলের সুযোগ থাকছে। দ্বিতীয় ট্রেডিং উইন্ডো শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। IPL ২০২৭ শুরু হওয়ার ৩০ দিন আগে পর্যন্ত তা খোলা থাকবে।