অবসর নিলেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার, ৩২ বছরেই ক্রিকেটকে বিদায়
ব্যাটে-বলে দাপট দেখিয়ে ভারতকে জিতিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সদস্য ছিলেন চেন্নাই সুপার কিংস ও রাইজ়িং পুনে সুপার জায়ান্টস দলেরও। কিন্তু মাত্র ৩২ বছর বয়সেই বড় সিদ্ধান্ত নিলেন প্রতিভাবান অলরাউন্ডার বাবা অপরাজিত। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আবেগঘন সেই পোস্টে তুলে ধরেন আরও অনেক ঘটনার কথা। কী জানালেন অপরাজিত?
সোশ্যাল মিডিয়া পোস্টে কী জানালেন বাবা অপরাজিত?
নিজের ইন্সটাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, ‘২০২৬ সালের ২৪ জানুয়ারি কেরিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছি। অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, শিক্ষা, বন্ধুত্ব এবং স্মৃতিতে ভরা এই যাত্রা। তামিলনাড়ু, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল, India A, কেরল, চেন্নাই সুপার কিংস, রাইজ়িং পুনে সুপারজায়ান্ট, TNPL-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ি এবং ক্লাব দলের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের বিষয়। ক্রিকেটার এবং মানুষ হিসেবে আমাকে গড়ে তুলতে বড় ভূমিকা নিয়েছে এই প্রতিটা দলের হয়ে খেলা।’ ক্রিকেটজীবনে পাশে থাকার জন্য বিভিন্ন ক্রিকেট সংস্থা, পরিবার, কোচ, সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
২০১২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য
১৪ বছর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অপরাজিত। অস্ট্রেলিয়ার মাটিতে ওই প্রতিযোগিতায় ব্যাট হাতে ১৭১ রান করার পাশাপাশি বল হাতে পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনি। দলের হয়ে সর্বাধিক রানস্কোরারদের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল তাঁর। এর পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়েন। ২০১৫ সালে জায়গা করে নেন ভারতীয় A দলে। তবে সেই স্তরে জায়গা পাকা হয়নি।
A post shared by Aparajith (@aparajithbaba)
IPL-এ বড় দলে সুযোগ, তবু অভিষেক হয়নি
২০১৩ থেকে ২০১৫— টানা তিন মরশুম চেন্নাই সুপার কিংসের দলে ছিলেন অপরাজিত। তবে ধোনির দলের হয়ে IPL-এ অভিষেকের সুযোগ পাননি তিনি। পরবর্তী সময়ে রাইজ়িং পুনে সুপারজায়ান্টের স্কোয়াডেও ছিলেন এই ক্রিকেটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে নজরকাড়া পরিসংখ্যান
মোট ১০২ ম্যাচে ১২টি সেঞ্চুরি এবং ২৭টি অর্ধশতরান করেছেন তিনি। কেরিয়ারের বেশির ভাগ সময়ই খেলেছেন তামিলনাড়ুর হয়ে। রাজ্য দলের হয়ে তিনটি ট্রফি জিতেছেন অপরাজিত। ২০১৭-১৮ মরশুমে বিজয় হাজারে ট্রফি এবং ২০২০-২১ ও ২০২১-২২ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে তামিলনাড়ু। কেরিয়ারের শেষ পর্যায়ে কেরালার হয়েও খেলেছেন তিনি। এ বার প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ৩২ বছর বয়সি অলরাউন্ডার।