দ্বিতীয় টেস্টের আগে চমক পন্থের, স্থানীয় দলের হয়ে ছদ্মনামে খেলে ছক্কার ফুলঝুরি
ওয়েলিংটনে ভারত বনাম নিউ জ়িল্যান্ড প্রথম টেস্ট শেষ হয়েছে সোমবার। ক্রাইস্টচার্চে শুক্রবার থেকে শুরু দ্বিতীয় ম্যাচ। মাঝে বিশ্রামের জন্য রাখা এই তিন দিনও ক্রিকেট থেকে দূরে থাকতে নারাজ ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। তাই কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ক্রাইস্টচার্চে অন্য মেজাজে দেখা গেল তাঁকে। স্থানীয় একটি দলের হয়ে খেলতে নেমে মাত্র ২১ বলে ৫৪ রান করলেন তিনি। ছক্কার ফুলঝুরি দেখা গেল পন্থের ব্যাটে। এখানেই শেষ নয় চমক। পরিচয় গোপন রাখার জন্য ‘স্ট্যান স্ট্যান’ ছদ্মনামে মাঠে নেমেছিলেন তিনি। পন্থের এই কাজে চমকে গিয়েছেন ভারতের কোচ মর্নি মর্কেলও।
হঠাৎ কেন স্থানীয় দলের হয়ে মাঠে নামলেন পন্থ?
ঘটনার সূত্রপাত ক্রাইস্টচার্চের রাস্তায়। স্থানীয় ক্লাব ওপেন হাউস সুইংগার্স (Open House Swingers) দলের ক্রিকেটার মহম্মদ সাফি ইলেকট্রিক বাইকে ঘুরতে দেখেন পন্থকে। তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কিছুক্ষণ আলাপ ও ছবি তোলার পরে পন্থকে ক্রিকেট খেলার আমন্ত্রণ জানান সাফি। পন্থও খুব একটা সময় নেননি। রাজি হয়ে যান খেলার জন্য। হ্যাগলি পার্কে ‘দ্য চোসেন ওয়ানস’-এর (The Chosen Ones) বিরুদ্ধে খেলতে নামেন পন্থ। ব্যাট হাতে দেখান নিজের পরিচিত আগ্রাসী মেজাজ। ২১ বলে ৫৪ রানের ইনিংসে বেশ কয়েকটি ছক্কাও হাঁকান তিনি।
ছদ্মনামে খেললেন পন্থ, নিজের ব্যাটও ছিল না সঙ্গে
হঠাৎ করেই খেলতে নামায় ব্যাট, প্যাড-সহ কোনও কিট ছিল না পন্থের সঙ্গে। ম্যাচে খেলার সময়েও তিনি ব্যবহার করেন সাফির এক ভাইয়ের ব্যাট। স্কোরকার্ডে নামও রাখা হয়েছিল অন্য রকম। ‘স্ট্যান স্ট্যান’ নামে খেলছিলেন তিনি। ফলে প্রথমে বিপক্ষ দলের অনেকেই বুঝতে পারেননি, তাঁদের বিরুদ্ধে খেলছেন ভারতের তারকা ক্রিকেটার।
Open House Swingers were a player short for their match in Christchurch. Then a mystery player scored 50 in 21 balls on his debut and finished with 72 runs off 26 balls. https://t.co/92SPM75b2g
পন্থের কাণ্ডে অবাক মর্নি মর্কেল
স্থানীয় দলের হয়ে পন্থের ক্রিকেট খেলার খবর পৌঁছে যায় ভারতীয় দলের অন্দরেও। বোলিং কোচ মর্নি মর্কেলও বিষয়টি জেনে অবাক হয়ে যান। তিনি বলেন, ‘রাতে এটা দেখে আমি প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম!’ শুক্রবার থেকে ক্রাইস্টচার্চে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। তার আগে পন্থের ঝোড়ো ইনিংস নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। আর টেস্টের প্রস্তুতির ফাঁকে স্থানীয় দলের হয়ে মাঠে নেমে পড়ার ঘটনা ভারতীয় তারকার ক্রিকেটপ্রেমেরই এক উদাহরণ।