বাদানিকে টপকে জ়াহিরের CSK কোচ হওয়ার নেপথ্যে ধোনিই, কী ভাবে বদলে গেল শেষ মুহূর্তের অঙ্ক?
১১ বছরের সম্পর্কের ইতি। স্টিফেন ফ্লেমিংকে বিদায় জানানোর পরই চেন্নাই সুপার কিংসের (CSK) সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল— এ বার কে ধরবেন দলের হাল? ভারতীয় কোচিং স্টাফ গড়ার পরিকল্পনা ছিল ফ্র্যাঞ্চাইজ়ির। পছন্দের তালিকায় ছিলেন একাধিক নাম, আলোচনাও এগিয়েছিল। কিন্তু দীর্ঘমেয়াদি চুক্তির প্রশ্নে বারবার আটকে যায় কথাবার্তা। শেষ পর্যন্ত সেই জট খুলে যায় জ়াহির খানের (Zaheer Khan) হাত ধরে। আর তাঁকে বেছে নেওয়ার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)।
ফ্লেমিংয়ের বিকল্প হিসেবে এগিয়ে ছিলেন বাদানি
প্রথম দিকে ফ্লেমিংয়ের জায়গায় হেমাং বাদানিই (Hemang Badani) ছিলেন অন্যতম প্রধান প্রার্থী। পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ নিয়েও আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা ভেস্তে যায়। সমস্যার মূল জায়গা ছিল চুক্তির মেয়াদ এবং দায়িত্বের পরিধি।
CSK এক বছরের চুক্তির মডেলেই এগোতে চাইছিল। অন্যদিকে বাদানি-সহ কয়েক জন প্রার্থী অন্তত দু’বছরের সময় চেয়েছিলেন, যাতে দলকে নিজেদের মতো করে সাজানোর সুযোগ পাওয়া যায়। বাদানিকে শুরুতে বোঝানো হয়েছিল, CSK-র পাশাপাশি ফ্র্যাঞ্চাইজ়ির আরও কয়েকটি দলের সঙ্গেও কাজ করার সুযোগ থাকতে পারে। কিন্তু দক্ষিণ আফ্রিকার T20 লিগে জোবার্গ সুপার কিংসের প্রধান কোচ হিসেবে অ্যালবি মর্কেলের (Albie Morkel) নিয়োগ সেই পরিকল্পনায় বদল আনে।
শেষ পর্যন্ত চুক্তির মেয়াদই বাদানির সঙ্গে আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাঁর পাশাপাশি আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং এক বিদেশি প্রার্থীর সঙ্গেও আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে রাজি হয়নি CSK।
জ়াহিরকে বেছে নেওয়ার নেপথ্যে ধোনি
শেষ পর্যন্ত ৪৭ বছরের জ়াহির খানকেই ২০২৭ সালের IPL-এর প্রধান কোচ হিসেবে বেছে নেয় CSK। ফ্র্যাঞ্চাইজ়ির ম্যানেজিং ডিরেক্টর কাশি বিশ্বনাথন জানিয়েছেন, এই সিদ্ধান্তে ধোনিও সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। বিশ্বনাথনের কথায়, ক্রিকেট ম্যানেজমেন্ট জ়াহিরের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই তাঁকে বেছে নেয়। IPL-এ ১০০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জ়াহিরকে নিয়ে সিদ্ধান্তের সময় ধোনিও সেই প্রক্রিয়ার অংশ ছিলেন। বিশ্বনাথনের বক্তব্য, ‘ধোনির পরামর্শ ছাড়া CSK কোনও সিদ্ধান্ত নেয় না।’
IPL-এ তৃতীয় দল, প্রথম বার প্রধান কোচ
মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং লখনৌ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সঙ্গে এর আগে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন জাহির। এ বার CSK-তে যোগ দিয়ে IPL-এ তৃতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি। তবে কোনও ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে এটাই তাঁর প্রথম দায়িত্ব। IPL-এ শেষবার ২০১৭ সালে খেলেছিলেন জাহির। ১০০ ম্যাচে ১০২ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। মুম্বই ইন্ডিয়ান্সে ক্রিকেট অপারেশন্সের ডিরেক্টর এবং গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কাজ করার পর লখনৌতে মেন্টরের দায়িত্বও সামলেছেন তিনি।
চুক্তির মেয়াদ নিয়ে CSK এখনও বিস্তারিত জানায়নি। তবে সরকারি ঘোষণায় বহু বছরের চুক্তির উল্লেখ না থাকায় আপাতত এক বছরের দায়িত্বই মনে করা হচ্ছে। তাঁর প্রথম বড় কাজ হবে দল ধরে রাখার পরিকল্পনা তৈরি করা এবং ডিসেম্বরের মিনি নিলামের আগে প্রয়োজনীয় ক্রিকেটারদের চিহ্নিত করা।