পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতার জবাব ঝোড়ো সেঞ্চুরিতে, নয়া রেকর্ড সেওয়াগ-পুত্রের
পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতার পরে সমালোচনার ঝড় উঠেছিল তাঁকে নিয়ে। মঙ্গলবার ঝোড়ো সেঞ্চুরিতে সব সমালোচনার জবাব দিলেন আর্যবীর সেওয়াগ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুরন্ত ইনিংসে জাত চেনালেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে। ১৬৮ বলে ১৬০ রানের ঝকঝকে ইনিংসে আরও একবার প্রমাণ দিলেন দক্ষতার। শুরুটা ধীরগতিতে হলেও শেষ দিকে বাবার স্মৃতি ফিরিয়ে ব্যাট হাতে ঝড় তুললেন আর্যবীর। আর এই ইনিংসেই চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গড়ে ফেললেন নয়া রেকর্ড। কী সেটি?
শুরুতে ধৈর্য, পরে বিধ্বংসী মেজাজ
ইনিংসের শুরুতে বেশ সাবধানী ছিল আর্যবীর। ১৪টি বল খেলার পরে প্রথম রান পান তিনি। প্রথম এক ঘণ্টা পিচে যথেষ্ট সুইং ও সিম মুভমেন্ট থাকায় ঝুঁকি নেননি। হাফ সেঞ্চুরিতে পৌঁছতে খেলেন ৬৯ বল। পরে উইকেট কিছুটা ব্যাটিংয়ের উপযোগী হয়ে উঠতেই ব্যাটে ঝড় তোলেন আর্যবীর। বিশেষ করে স্পিনাররা বল করতে আসার পরে বদলে যায় তাঁর ব্যাটিংয়ের ধরন। ক্রিজ় ছেড়ে বেরিয়ে এসে কভারের উপর দিয়ে একের পর এক বড় শট খেলতে থাকেন। ১৩১ বলে একটি সিঙ্গল নিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি।
দুরন্ত সেঞ্চুরিতে জবাব আর্যবীরের
তিন অঙ্কের স্কোরে পৌঁছনোর পরে আরও আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করেন আর্যবীর। UAE-র বাঁহাতি রিস্ট স্পিনার উদ্দিশ সুরির বিরুদ্ধে ৩৮তম ওভারে ২১ রান তোলেন তিনি। দ্রুত বাড়তে থাকে ভারতের রান তোলার গতি। ৪২তম ওভারে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে ১৫০ রানের গণ্ডি পাড় করেন আর্যবীর।
এই মাইলস্টোন ছুঁতে সময় লাগে ১৬০ বল। ভারতের ইনিংসের ৪৫তম ওভারে পয় হন আর্যবীর। মিডিয়াম পেসার নাসিম খানের বলে মিড উইকেটের উপর দিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন তিনি। ১৬৮ বলে ১৬০ রান করে আউট হন। তাঁর এই ইনিংসে ছিল ১৭টি চার ও ৭টি ছক্কা।
Leading the charge at the top of the order 👊 An impressive 𝗛𝗨𝗡𝗗𝗥𝗘𝗗 by Aaryavir Sehwag 💯 Updates ▶️ https://t.co/M0EJVCkM56 #MensU19AsiaCup https://t.co/lntDRlo5F2
নয়া নজিরও গড়লেন
১৬০ রানের এই ইনিংসে নয়া নজির গড়লেন আর্যবীর। চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যক্তিগত ভাবে সবচেয়ে বেশি রান করলেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে। তাঁর ইনিংসে ভর করেই প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩০৮ রান তোলে ভারতীয় দল। তবে নজর কাড়তে পারেননি রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়। ৯ বলে ১২ করে আউট হয় সে।