সত্যজিৎ পট্টনায়ক,Ei Samay,অ্যাকাডেমির বাচ্চাদের সঙ্গে সত্যজিৎ

জেলা টুর্নামেন্টে অলরাউন্ট পারফরম্যান্সের পুরস্কার, জাতীয় স্কুল গেমসে বাংলা দলে রামনগরের সত্যজিৎ

মফস্সলের মেঠো পথ পেরিয়ে কলকাতার বড় ক্রিকেট সার্কিটে পৌঁছানোর লড়াইটা কখনোই খুব একটা মসৃণ হয় না। অভাব-অনটন, পরিকাঠামোর অপ্রতুলতা এবং দীর্ঘ দূরত্বের বাধাকে জয় করতে প্রয়োজন হয় এক অদম্য জেদ। সেই জেদের নামই সত্যজিৎ পট্টনায়ক। ক্রিকেটের ময়দানে আরও একবার পূর্ব মেদিনীপুর জেলার নাম উজ্জ্বল করে জাতীয় স্তরের মঞ্চে পা রাখলেন রামনগরের এই তরুণ ক্রিকেটার। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া (SGFI) আয়োজিত আসন্ন অনূর্ধ্ব-১৯ ন্যাশনাল স্কুল গেমসের জন্য ঘোষিত পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন তিনি।

জেলা টুর্নামেন্টে অলরাউন্ড পারফরম্যান্স

সত্যজিতের এই সুযোগ কোনও আকস্মিক ঘটনা নয়, বরং মাঠের ক্রিকেটে ধারাবাহিকতার ফসল। সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ জেলা স্তরের ক্রিকেট টুর্নামেন্টে গোটা ময়দান কার্যত শাসন করেছিলেন তিনি। চাপের মুখে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়ে মোট ২১৪ রান করেন এবং বল হাতে তুলে নেন ৯টি উইকেট। তাঁর এই অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফিও ওঠে তাঁর হাতে। এরপর পূর্ব মেদিনীপুর জেলার হয়ে অনূর্ধ্ব-১৯ স্কুল গেমসে প্রতিনিধিত্ব করে নির্বাচকদের নজর কাড়েন তিনি, যা সরাসরি খুলে দিল জাতীয় দলের দরজা।

রামনগরের অনিরুদ্ধ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এই ছাত্রের ক্রিকেটের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল শৈশবে। মাত্র পাঁচ বছর বয়সে সত্যজিতের সঙ্গী ছিল ব্যাট। বাবা সুজিত পট্টনায়ক ও মায়ের অনুপ্রেরণায় রামনগর ক্রিকেট কোচিং ক্যাম্পে ভর্তি হন তিনি। ধীরে ধীরে স্থানীয় কোচদের সান্নিধ্যে টেকনিক ও মানসিকতার বিকাশ ঘটে। বর্তমানে নিজের ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে কলকাতার ক্লাব ক্রিকেটে পা রেখেছেন সত্যজিৎ; নিয়মিত খেলছেন সিএবি দ্বিতীয় ডিভিশনের অরোরা ক্লাবে।

অ্যাকাডেমির বাচ্চাদের সঙ্গে সত্যজিৎ

স্থানীয় প্রশিক্ষকদের কৃতিত্ব সত্যজিতের

নিজের এই সাফল্যের কৃতিত্ব স্থানীয় প্রশিক্ষক ও শুভানুধ্যায়ীদের দিয়েছেন সত্যজিৎ। তিনি জানান, কোচ অরিন্দম মুখোপাধ্যায়, সুশোভন চট্টোপাধ্যায়, আকাশ জানা, মিলন বাগ এবং আরএসএ ময়দানের সুমন কল্যাণ মাইতির অনুশীলন তাঁকে তৈরি করতে সাহায্য করেছে। পাশাপাশি রামনগর ক্রিকেট কোচিং ক্যাম্পের সম্পাদক তথা বাবা সুজিত পট্টনায়কের সমর্থন না থাকলে এই পথচলা সম্ভব হতো না। ছেলের এই জাতীয় স্বীকৃতিতে উচ্ছ্বসিত গোটা পরিবার।

রামনগরের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে জাতীয় স্কুল গেমসের মতো বড় মঞ্চে বাংলার হয়ে খেলার এই সুযোগ নিঃসন্দেহে এলাকার নতুন প্রজন্মের কিশোরদের মাঠমুখী হতে অনুপ্রেরণা জোগাবে। জেলাবাসীর এখন একটাই প্রার্থনা—অনূর্ধ্ব-১৯ জাতীয় স্কুল গেমসের মঞ্চে ব্যাট-বলে নিজের সেরাটা উজাড় করে দিয়ে সত্যজিৎ যেন ভবিষ্যতে বাংলার রঞ্জি স্কোয়াড ও দেশের জার্সিতে আরও এক ধাপ এগিয়ে যান।