কিশোরের গান নয়, তার ভরসা ‘সীতারাম’, বিপক্ষকে ওড়াতে বাবার পথেই জুনিয়র সেওয়াগ
ঠান্ডা মাথায় বিপক্ষকে ওড়াতে যিনি সিদ্ধহস্ত ছিলেন তিনি বীরেন্দ্র সেওয়াগ। ওপেনে নেমে একাধিক ম্যাচে তাঁর ভয়ডরহীন ব্যাটিং দলকে জিতিয়েছে। সবচেয়ে বেশি চর্চায় গান করতে করতে ছক্কা হাঁকানোর দৃশ্য। পাকিস্তানের মুলতানের ট্রিপল সেঞ্চুরির সময় শোয়েব আখতারদের খেলার সময় কিশোর কুমারের গান গাইতেন সেওয়াগ। এ বার সেই ছবি দেখা গেল তাঁর ছেলে আর্যবীর সেওয়াগের ইনিংসে। তবে বাবার মতো বলিউডের গান নয়, মনে মনে ‘সীতারাম’ নাম জপ করে ব্যাটিং করে বিপক্ষকে ওড়ালেন ১৭ বছর বয়সি এই তরুণ তুর্কি।
একা ১৬০ রানের ইনিংস খেলে দলকে জেতান
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মরণ-বাঁচন ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে একা ১৬০ রানের ইনিংস খেলে ভারতকে এক দুর্দান্ত জয় এনে দেন আর্যবীর। ম্যাচ জেতানোর পর নিজের এই ইনিংসের নেপথ্য কাহিনি ফাঁস করেছেন আর্যবীর। তিনি জানান, ব্যাটিং নিয়ে বাবার সঙ্গে নিয়মিত আলোচনা করেন তিনি। আর্যবীর বলেন, ‘বাবা সবসময় আমাকে বলেন ব্যাটিং করার সময় ভবিষ্যতের চিন্তা না করে কেবল বর্তমান মুহূর্তটার ওপর ফোকাস করতে। বাবা নিজে ফোকাস ধরে রাখতে গান গাইতেন, যা ওঁর ক্ষেত্রে একটা রিসেট বাটনের কাজ করত। কিন্তু আমি নিজের মতো করে একটা পথ তৈরি করেছি। আমি যখন ব্যাট করি, তখন মনে মনে অনবরত ‘সীতারাম’ জপ করতে থাকি। এর ফলে আমার মাথায় বাইরের কোনও চিন্তা ঢোকে না।’
ব্যাট করার সময় রানের চাপ কী করে সামলান আর্যবীর? সেটাও জানান। বলেন, ‘আমি কখনও ভাবি না যে আমাকে ফিফটি করতে হবে বা সেঞ্চুরি করতে হবে। আমি শুধু বলের দিকে তাকাই এবং বল যেখানে ড্রপ করে, নিখাদ রিফ্লেক্সে সেই অনুযায়ী শট খেলি।’
বাবাকে কথা দিয়ে কথা রাখেন
শুধু তাই নয়, আর্যবীর UAE ম্যাচে নামার আগে বাবাকে কথা দিয়েছিলেন একটি বড় ইনিংস খেলবেন। সেই কথা রাখতে পেরে উচ্ছ্বসিত আর্যবীর। তবে একই সঙ্গে স্বীকার করেছেন, ভারতের অন্যতম সেরা ওপেনারের মন জয় করা মোটেও মুখের কথা নয়। আর্যবীরের কথায়, ‘বাবা সহজে কারও প্রশংসা করেন না। আমি সেঞ্চুরি পেলেও তিনি খুব কমই উচ্ছ্বাস দেখান। তাই ভালো খেলার পর বাবা যখন মেসেজে লেখেন ‘ওয়েল প্লেড’, তখন মনে হয় যেন পৃথিবী জয় করে ফেলেছি। মা খুব আবেগপ্রবণ, আশা করি বাবা-মা দুজনেই আমার খেলায় খুশি হয়েছেন।’
আপনি কি জানেন?
বীরেন্দ্র সেহওয়াগ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করার সময় কিশোরকুমার ও মহম্মদ রফির হিন্দি গান গাওয়ার জন্য বিখ্যাত ছিলেন এবং ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রানের দ্রুততম ট্রিপল সেঞ্চুরির সময়ও তিনি গান গাইছিলেন বলে জানিয়েছিলেন।
যুব ওয়ানডেতে (Youth ODI) ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি রয়েছে রাজ অঙ্গদ বাওয়ার (১৬২* রান), যা তিনি ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উগান্ডার বিরুদ্ধে করেছিলেন; আর্যবীরের ১৬০ রান সেই তালিকার একেবারে শীর্ষে স্থান করে নিয়েছে।
বীরেন্দ্র সেহওয়াগের দুই ছেলে—বড় ছেলে আর্যবীর এবং ছোট ছেলে বেদান্ত; দুজনেই বাবার একাডেমি ও দিল্লির বয়সভিত্তিক ক্রিকেটের মাধ্যমে পেশাদার ক্রিকেটে উঠে এসেছেন।