৯ ইনিংসে ৪ বার শূন্যতে আউট, নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে ফের ব্যর্থ যশস্বী
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে চিন্তা বাড়ল ভারতের। ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল। শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেন তিনি। এর আগে প্রথম আনঅফিশিয়াল টেস্টের দুই ইনিংসেও বড় রান পাননি যশস্বী। লিঙ্কনে আয়োজিত ওই ম্যাচে প্রথম ইনিংসে ১৭ এবং দ্বিতীয়তে মাত্র ৫ রান করেছিলেন। এই নিয়ে শেষ ৯ ইনিংসে চার বার শূন্য রানে আউট হলেন যশস্বী।
লাল বলের ক্রিকেটে ছন্দ হারিয়েছেন যশস্বী
সম্প্রতি লাল বলের ক্রিকেটে যশস্বীর ব্যাটে বড় রান নেই। চলতি বছরের অগস্ট মাসের পরে টেস্টে একটাও হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য কিউয়িদের ‘A’ বিরুদ্ধে মাল্টি-ডে ম্যাচ খেলছে ভারত। তাতে প্রথম ম্যাচে দুই ইনিংসে যশস্বীর সংগ্রহ ছিল ১৭ ও ৫ রান। শনিবার দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হলেন। প্রথম ওভারেই কিউয়ি পেসার ফ্রেজার শিটের বলে LBW হন। চার বলে শূন্য রান করে ফেরেন।
Yashasvi Jaiswal's poor start to NZ tour continues. His scores across 3 innings vs NZ-A: 17, 5, 0. With KL also not scoring runs in the first unofficial test (0,4) India's opening looks weak before the 1st Test starting Nov 19. https://t.co/kIfhQfA1SW
৯ ইনিংসে ৪ বার শূন্য রানে আউট জয়সওয়াল
একটানা ব্যর্থ হচ্ছেন ২৪ বছর বয়সি এই ওপেনার। শ্রীলঙ্কা বিরুদ্ধে টেস্ট শুরুর আগে SLC একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন যশস্বী। দ্বিতীয় টেস্টেও ফেরেন খালি হাতে। ওই সফরে তিন ইনিংস মিলিয়ে মাত্র ৭৭ রান করেছিলেন তিনি।
এর পরে ঘরোয়া ক্রিকেটেও মুম্বইয়ের হয়ে নজর কাড়তে পারেননি। রঞ্জিতে প্রথম ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে ১৩ বল খেলে শূন্য রানে আউট হন এই বাঁহাতি ক্রিকেটার। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম আনঅফিশিয়াল টেস্টে ৪৫ বলে ১৭ এবং ৯ বলে ৫ রান করেন। দ্বিতীয় ম্যাচে ফিরলেন শূন্য রানে।
চিন্তা বাড়ছে ভারতের
আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে ভারত-নিউ জ়িল্যান্ড টেস্ট সিরিজ়। তার আগে যশস্বীর ফর্মে ফেরাটা ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেটে ওপেনার দলের প্রথম ভরসা তিনি। কিন্তু তাঁর এই ব্যর্থতায় চিন্তা বাড়ছে গৌতম গম্ভীর-শুবমান গিলদের।