পাকিস্তানের কাছে ভারতের হারে কাঠগড়ায় তিলকের স্লো ব্যাটিং, কতটা যুক্তিযুক্ত এই দাবি?
সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চেনা ছবি হয়ে উঠেছে ভারতীয় দলের জয়। কিন্তু রবিবার পাল্টেছে ছবিটা। এশিয়া কাপ রাইজ়িং স্টার্সের ম্যাচে পাকিস্তান ‘A’ দলের কাছে হেরে গিয়েছে তিলক বর্মার নেতৃত্বাধীন ভারতীয় ‘A’ দল। ৩১৪ রান তারা করতে নেমে অভিষেক শর্মা মারকুটে ইনিংসে শুরু করলেও শেষ দিকে রানের গতি বাড়াতে পারেনি ভারত। আর এই হারের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে তিলক বর্মাকে। সেঞ্চুরি করলেও শুরুতে তাঁর ধীরগতির ইনিংসের ফল ভুগতে হয়েছে এমনটাই দাবি সঞ্জয় বাঙ্গারের মতো ভারতের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। কিন্তু যখন নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছিল ভারত, তখন আদৌ ঝোড়ো ইনিংস খেলা উচিত হতো তিলকের? কতটা যুক্তিযুক্ত প্রাক্তনীদের দাবি?
তিলক বর্মাকে নিয়ে কী বলেছেন সঞ্জয় বাঙ্গার?
অভিষেক শর্মার বিধ্বংসী ৭০ রানের ইনিংসে জয়ের আশা তৈরি হয়েছিল ভারতের। কিন্তু তাঁর আউট হওয়ার পর থেকেই ধাক্কা খায় ভারতের রান তোলার গতি। ক্রিজ়ে দীর্ঘ সময় কাটিয়েও রান তুলতে সমস্যায় পড়েন অধিনায়ক তিলক। তাঁর ধীর গতির ব্যাটিংয়ের প্রভাব অন্য ব্যাটারদের উপরেও পড়েছিল বলে মনে করেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তিলকের প্রথম ৫০ বলের ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
বাঙ্গার বলেন, ‘প্রথম ২৫ বলে তিলক তিন রান করেছিল। তার পরের ২৫ বলে হয়তো ১২-১৩ রান করেছে। ৫০ বল খেলে যখন কোনও ব্যাটার ১৮ বা ২১ রানে থাকে, তখন অন্য প্রান্তের ব্যাটারের উপর তার কী প্রভাব পড়ে? তিলক নিজে হয়তো আত্মবিশ্বাসী ছিল যে পরে এই রান পুষিয়ে দেবে। কিন্তু অন্য ব্যাটার কি তার আগে অতিরিক্ত ঝুঁকি নিতে পারত? স্কোরবোর্ড সচল রাখতে গিয়ে উইকেট হারানোর সুযোগ বাড়ত।’
হারের দায় সতীর্থদের উপর চাপালেন তিলক?
ম্যাচ শেষে তিলক অবশ্য অন্য একটি দিক তুলে ধরেছেন। তাঁর মতে, অভিষেকের ঝোড়ো শুরু এবং শাহবাজ় আহমেদের সঙ্গে তাঁর জুটিতে ভারতের জয়ের সম্ভাবনা বেড়েছিল। কিন্তু রানের গতি বাড়ানোর সময়ে শাহবাজ় আউট হওয়ায় তাঁর পরিকল্পনা ভেস্তে যায়।
তিলক বলেন, ‘শাহবাজ় যদি আরও দু’ওভার ক্রিজ়ে থাকত, তা হলে হয়তো আমি ম্যাচটা শেষ করতে পারতাম। আমি চেষ্টা করেছিলাম ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়। অন্য কোনও ব্যাটার যদি আমাকে সঙ্গ দিত, তা হলে হয়তো ম্যাচটা জিতিয়ে দিতে পারতাম। তবে ক্যাপ্টেন হলে হারের দায় ও ভুলের দায়িত্ব নিজের কাঁধেই নিতে হয়।’
তিলকের এই যুক্তি অবশ্য উড়িয়ে দেওয়ার মতো নয়। ভারত যখন একের পর এক উইকেট হারাচ্ছিল, তখন তিনি চালিয়ে খেলতে গিয়ে আউট হলে আরও বিপদ বাড়তে পারত। তাই জুটি গড়ার চেষ্টা করছিলেন তিলক। ফলে তাঁর এই স্লো ব্যাটিং খুব একটা ভুল নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই সঞ্জয় বাঙ্গারের দাবি নিয়ে উঠছে প্রশ্ন।