ভুল থেকে শিক্ষা, মুস্তাফিজ়ুর-পাথিরানাকে ছেড়ে দিল KKR, আর কারা বাদ পড়লেন?
অবশেষে জল্পনার অবসান। IPL 2027-এর নিলামের আগে কোন প্লেয়ারদের ধরে রাখবে ও ছেড়ে দেবে দলগুলি, সেই তালিকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল মঙ্গলবার। চর্চা চলছিল কোন ক্রিকেটারদের ছেঁটে ফেলবে কলকাতা নাইট রাইডার্স। অবশেষে প্রকাশ্যে এল KKR-এর প্লেয়ার রিটেনশন লিস্ট। বড় সিদ্ধান্ত নিয়েছে KKR। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও বাংলাদেশের মুস্তাফিজ়ুর রহমানকে ছেড়ে দিল তারা। গত মরশুমে নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকা এবং মুস্তাফিজ়ুরকে ৯.২ কোটি টাকায় দলে নিয়েছিল KKR। দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়ে মোট ২৭.২ কোটি টাকা নিজেদের পার্সে ফেরাল কলকাতা। বাদ পড়লেন আর কারা?
কেন বাদ পড়লেন পাথিরানা ও মুস্তাফিজ়ুর?
চোটের জন্য ২০২৬ সালের IPL-এ KKR-এর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন পাথিরানা। IPL অভিষেকেই দ্বিতীয় ওভারে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। মাত্র আটটি বল করেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও চোট পেয়েছিলেন এই শ্রীলঙ্কান পেসার। সেই চোটের পর শ্রীলঙ্কা ক্রিকেটের থেকে NOC পাওয়ার সমস্যায় তাঁর KKR-এ যোগ দিতেও দেরি হয়েছিল। এ বার নিলামের আগে এই তরুণ পেসারকে ছেড়ে দিল কলকাতা।
অন্য দিকে, BCCI-এর নির্দেশে IPL থেকে সরে যেতে হয়েছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজ়ুর রহমানকে। তাই KKR-এর হয়ে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। এর পাশাপাশি নিউ জ়িল্যান্ডের স্পিনার অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও ছেড়ে দিয়েছে KKR। গত মরশুমে তিনিও কলকাতার হয়ে কোনও ম্যাচ খেলেননি।
২৫.২ কোটির ক্যামেরন গ্রিনকে ধরে রাখল KKR
পাথিরানা ও মুস্তাফিজ়ুরকে দিলেও অস্ট্রেলিয়ার পেসার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ধরে রেখেছে KKR। গত নিলামে ২৫.২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কলকাতা। মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও পরে ব্যাট হাতে ছন্দে ফেরেন গ্রিন। ১৪৫.৭০ স্ট্রাইক রেটে ৩২২ রান করেন তিনি। মরশুমের প্রথম দিকে বোলিং করার জন্য সবুজ সঙ্কেত পাননি গ্রিন। পরে বল হাতে সাতটি উইকেটও নেন। তবে ফিটনেসের পাশাপাশি IPL-এর আগে ও পরে অস্ট্রেলিয়ার ঠাসা সূচির জন্য় গ্রিনের IPL খেলা নিয়ে প্রশ্ন রয়েছে।
IPL ২০২৭-এর আগে কাদের ছেড়ে দিল KKR?
মাথিশা পাথিরানা (১৮ কোটি)
মুস্তাফিজ়ুর রহমান (৯.২ কোটি)
তেজস্বী সিং দাহিয়া (৩ কোটি)
রাচিন রবীন্দ্র (২ কোটি)
অজিঙ্ক রাহানে (১.৫ কোটি)
আকাশ দীপ (১ কোটি)
ব্লেসিং মুজ়ারাবানি (৭৫ লাখ)
নবদীপ সাইনি (৭৫ লাখ)
রাহুল ত্রিপাঠী (৭৫ লাখ)
উমরান মালিক (৭৫ লাখ)
দক্ষ কামরা (৩০ লাখ)
লুভনীত সিসোদিয়া (৩০ লাখ)
পার্সে রইল মোট: ৪১.৬৫ কোটি টাকা