আগরকরের চেয়ারে বসার সুযোগ ‘মিস’ পার্থিবের, কে হচ্ছেন BCCI-এর প্রধান নির্বাচক?
ভারতীয়ত ক্রিকেট বোর্ডের নির্বাচনী কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন অজিত আগরকর। এই পরিস্থিতিতে কে হবেন নির্বাচক, তা নিয়েই চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এতদিন সেই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল। কিন্তু পাল্টে গিয়েছে ছবিটা। আগরকরের চেয়ারে বসার সুযোগ ‘মিস’ করেছেন পার্থিব। পশ্চিমাঞ্চল থেকে নির্বাচকের পদের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনই করেননি তিনি। ফলে চর্চায় উঠে এসেছে আর এক নতুন নাম। কে তিনি?
আবেদনই করেননি পার্থিব প্যাটেল
ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র নির্বাচক কমিটিতে পশ্চিমাঞ্চল থেকে নির্বাচকের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন পার্থিব প্যাটেল। কিন্তু আবেদনই করেননি ভারতের প্রাক্তন উইকেটকিপার। PTI-এর প্রতিবেদন অনুযায়ী, আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার অর্থাৎ ১৪ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেননি পার্থিব। BCCI-এর এক সূত্র PTI-কে জানিয়েছে, ‘BCCI আবেদনের সময়সীমা বাড়াবে কি না, তা জানা নেই। তবে বিকেল ৫টা পর্যন্ত পার্থিব আবেদন করেননি। সময়সীমা বাড়ানো হলে বা তিনি সিদ্ধান্ত বদলালে পরিস্থিতি পাল্টাতে পারে।’
মুখ্য নির্বাচক হিসেবে থেকে যেতে পারেন ওঝা
বর্তমানে দক্ষিণাঞ্চলের নির্বাচক প্রজ্ঞান ওঝা অন্তর্বর্তীকালীন মুখ্য নির্বাচকের দায়িত্ব সামলাচ্ছেন। নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকায় এই দায়িত্ব পেয়েছেন তিনি। তবে পার্থিব আবেদন না করায় আপাতত তাঁরই দায়িত্বে থাকার সম্ভাবনা বেশি। অন্য দিকে আপাতত গুজরাট টাইটান্সের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ধারাভাষ্যের কাজও চালিয়ে যেতে পারেন পার্থিব।
নির্বাচক হতে পারেন রমেশ পাওয়ার?
পশ্চিমাঞ্চল থেকে নতুন প্রতিনিধি হিসেবে উঠে আসছে ভারতের প্রাক্তন মহিলা দলের কোচ রমেশ পাওয়ারের নাম। ভারতের প্রাক্তন উইকেটকিপার সমীর দিঘের নামও রয়েছে আলোচনায়। এর আগে নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে দু’জনেই আবেদন করেছিলেন। পশ্চিমাঞ্চলের নতুন নির্বাচক কে হবেন, তার উপরই নির্ভর করবে সিনিয়র নির্বাচক কমিটির পরবর্তী সমীকরণ। আপাতত সেই সিদ্ধান্তের অপেক্ষায় ভারতীয় ক্রিকেটমহল।