৬৪/৬ থেকে ২০৪/৯, সামি-শাহবাজ়দের ব্যর্থতায় বাংলার বিরুদ্ধে লিড মহারাষ্ট্রের
ঘরের মাঠ ইডেনে ব্যাটিংয়ে ভরাডুবি। তার পরে মহম্মদ সামির আগুনে স্পেলে কামব্যাকের আশায় ছিল বাংলা। কিন্তু প্রাথমিক ধাক্কা সামলে রঞ্জি ট্রফির ম্যাচে ঘুরে দাঁড়াল মহারাষ্ট্র। দ্বিতীয় দিন বোলিং করে বাকি আট উইকেট ফেলতে পারলেন না বাংলার বোলাররা। দুই উইকেটে ২১ রান নিয়ে মঙ্গলবার ব্যাটিংয়ে নেমেছিল মহারাষ্ট্র। দিনের শেষে তাদের স্কোর ৯ উইকেটে ২০৭। বলের পরে ব্যাট হাতেও জ্বলে উঠলেন তনয় সাঙ্ঘভি (Tanay Sanghavi)। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৬৭ বল খেলে ৫৭ রানে অপরাজিত তিনি। দ্বিতীয় দিনের শেষে ৬৪ রানে এগিয়ে মহারাষ্ট্র। ফলে কিছুটা চাপে বাংলা।
দিনের শুরুটা ভালো করেছিল বাংলা
ইডেনে দ্বিতীয় দিনের শুরুতে দাপট দেখিয়েছিলেন বাংলার বোলাররা। অঙ্কিত বাওনেকে ৭ রানে ফেরান মহম্মদ কাইফ। চারে নেমে সচিন ধাস আউট হন ৭ করে। কাইফের বলেই মাত্র ১ রান করে LBW হন হর্ষল কাটে। এক প্রান্ত আগলে লড়াই চালাচ্ছিলেন সিদ্ধেশ বীর। তবে তাঁর উইকেট তুলে নেন মহম্মদ সামি। ৮০ বল খেলে ২৮ রান করে আউট হন তিনি। ফলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মহারাষ্ট্র। একটা সময়ে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা।
তনয়ের দাপটে মহারাষ্ট্রের কামব্যাক
এই অবস্থা থেকে দলের হাল ধরেন তনয় সাঙ্ঘভি। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। ২৮ রান করেন সৌরভ নাওয়ালে। নয় নম্বরে নেমে রাজবর্ধন হাঙ্গারগেকর করেন ২৪ রান। হিতেশ ফেরেন এক রানে। তবে একটা প্রান্ত আগলে রাখেন তনয়। বল হাতে তিন উইকেট নিয়েছিলেন তিনি। এ বার জ্বলে উঠলেন ব্যাট হাতে।
লড়াকু হাফ সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। দিনের শেষে ১৬৭ বলে ৫৭ রানে অপরাজিত তিনি। এখনও পর্যন্ত তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা মেরেছেন। শেষে নেমে প্রদীপ দাধে যোগ্য সঙ্গ দিচ্ছেন তাঁকে। ৫৯ বলে ২২ রানে অপরাজিত তিনি। দিন শেষে ৯ উইকেটে ২০৭ রান তুলেছে মহারাষ্ট্র।
বাংলার বোলারদের ব্যর্থতা
৬৪-৬ স্কোরে ধুঁকছিল মহারাষ্ট্র। এমন অবস্থা থেকে বাকি চার উইকেট ফেলতে পারেননি বাংলার বোলাররা। ফলে ঘরের মাঠে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে লক্ষ্মীরতন শুক্লার দল। তিনটি করে উইকেট নিয়েছেন সামি ও শাহবাজ়। দুই উইকেট গিয়েছে মহম্মদ কাইফের ঝুলিতে। বুধবার দিনের শুরুতেই উইকেট নিয়ে দ্রুত ম্যাচে ফেরাই লক্ষ্য বাংলার।