‘হাসি-ঠাট্টার জায়গা নেই’, টেস্ট ড্রয়ের পরেও ভারতের গা ছাড়া মনোভাবে বিরক্ত অশ্বিন
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে জয়ের খুব কাছে পৌঁছেও ড্র মেনে নেওয়ায় ভারতের উপর ক্ষুব্ধ র বিচন্দ্রন অশ্বিন (R Ashwin)। তাঁর মতে, শেষ দিনে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলা উচিত ছিল শুবমান গিলের (Shubman Gill) দলের। হাতে প্রায় ১৫ ওভার বাকি থাকতেই কেন ভারতীয় দল ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন এই স্পিনার। অশ্বিনের মতে, বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্বে ভারতীয় দলের মধ্যে যে লড়াইয়ের মানসিকতা দেখা যেত, বর্তমান দলে তার অভাব রয়েছে।
কোহলির অধিনায়কত্বের সঙ্গে তুলনা অশ্বিনের
ওয়েলিংটন টেস্টের শেষ দিনে নিউ জ়িল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের (Daryl Mitchell) আচরণ নিয়েও আপত্তি জানিয়েছেন অশ্বিন। তাঁর নজরে পড়েছে, ম্যাচের শেষ দিকে মিচেল বেশ স্বচ্ছন্দে ব্যাট করছিলেন। কখনও শুবমান গিলের কাছে যাচ্ছিলেন, কখনও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন। এমন কী হাসিঠাট্টাও করছিলেন। অশ্বিনের মতে, ভারত যখন জয়ের জন্য লড়ছে, তখন প্রতিপক্ষের ব্যাটারদের এতটা স্বস্তিতে থাকতে দেওয়া উচিত নয়।
নিজের পডকাস্ট Ash Ki Baat-এ অশ্বিন বলেন, ‘বিরাট কোহলির অধিনায়কত্ব থেকে একটা বিষয় শেখার আছে। ম্যাচ ড্র হতে পারে, অন্য কোনও বোলার বা অধিনায়ক থাকলে হয়তো ফল অন্য রকম হতো, সেটাও বলা যায় না। তবে আমি শুধু এটুকুই বলব, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তাড়াহুড়ো করে আক্রমণে যাওয়ার মানসিকতা থাকলে অনেক সময় সুবিধা হয়।’
এর পর মিচেলের আচরণ নিয়ে তিনি বলেন, ‘ড্যারিল মিচেল যখন ব্যাট করছিল, কখনও সাইটস্ক্রিনের দিকে যাচ্ছিল, কখনও অধিনায়কের সঙ্গে কথা বলছিল, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে গল্প করছিল, হাসছিল। আমাদের দলে এমনটা কখনও হতো না। আমরা যখন ম্যাচে এগিয়ে থাকতাম, তখন হাসিঠাট্টা চলত। কিন্তু যখন জয়ের জন্য লড়াই করতাম, তখন সবাই মরিয়া হয়ে উঠতাম। কারণ, ব্যাটাররা এক বার স্বস্তি পেয়ে গেলে তাদের আউট করা আরও কঠিন হয়ে যায়।’
১৫ ওভার বাকি থাকতেই ড্র কেন?
ম্যাচের শেষ দিনে প্রায় ১৫ ওভার বাকি থাকতে দুই দলের ক্রিকেটারদের হাত মেলানোর সিদ্ধান্তও মেনে নিতে পারেননি অশ্বিন। তাঁর মতে, শেষ পর্যন্ত উইকেট নেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত ছিল ভারতের। পেসারদের ক্লান্তি থাকলে স্পিনারদের দিয়ে আক্রমণ করানো যেত। পাশাপাশি ব্যাটারদের উপর চাপ বাড়াতে ব্যাটের কাছাকাছি ফিল্ডার রেখেও চেষ্টা করা যেত।
অশ্বিন মনে করিয়ে দিয়েছেন, টেস্ট ম্যাচের বড় অংশে দাপট দেখালেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট পাওয়া যায় না। তার জন্য ম্যাচ জিততে হয়। ওয়েলিংটনে ভারত অনেকটা সময় ম্যাচের নিয়ন্ত্রণে থাকলেও নিউ জ়িল্যান্ডের ২০ উইকেট ফেলতে পারেনি।
জয়ের এত কাছে এসেও শেষ করতে না পারায় ক্ষোভ
অশ্বিনের মতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নিউ জ়িল্যান্ডকে এতটা চাপে ফেলার পরেও জয় ছিনিয়ে নিতে না পারায় আরও বেশি হতাশ হওয়া উচিত ভারতের। তাঁর মতে, শেষ দিনে আরও বেশি আগ্রাসন দেখানো প্রয়োজন ছিল। একটা উদাহরণ দিয়ে তিনি বোঝান, ম্যারাথনে অনেকটা পথ দৌড়ে শেষ মুহূর্তে থেমে গেলে যেমন পরিশ্রমের কোনও মূল্য থাকে না, ভারতের অবস্থাও অনেকটা সে রকম।
অশ্বিন বলেন, ‘আমরা এই টেস্টে দাপট দেখিয়েছি ঠিকই, কিন্তু প্রতিপক্ষকে শেষ করতে পারিনি। শুধু ভালো খেলেছি বলে কেউ আমাদের পয়েন্ট দেবে না। পয়েন্ট পেতে হলে জিততে হবে। সবাই বলবে, ভারত খুব ভালো খেলেছে, কিন্তু ২০টা উইকেট নিতে পারেনি। ভালো ক্রিকেট খেললেও পয়েন্ট পাওয়া যাবে না। বিশেষ করে নিউ জ়িল্যান্ড যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে রয়েছে, তখন তাদের এতটা চাপে ফেলেও জয় তুলে নিতে না পারায় আমাদের আরও বেশি ক্ষুব্ধ হওয়া উচিত। আমি সেটাই বলতে চাইছি।’