৯২-এ থামলেও সচিনের ২২ বছর আগের রেকর্ড ভাঙলেন রোহিত, কেএলের সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত
সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রোহিত শর্মার (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নিউ চণ্ডীগড়ে শনিবার ৯২ রানের ইনিংস খেলতে নেমেই বড় রেকর্ড গড়লেন ভারতীয় তারকা। ODI ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রান পূর্ণ করলেন রোহিত। এই মাইলফলকে পৌঁছতে তাঁর লেগেছে মাত্র ২০২টি ইনিংস। সচিনের লেগেছিল ২১৪টি ইনিংস। অর্থাৎ, ১২ ইনিংস আগেই সচিনকে পিছনে ফেললেন রোহিত।
ম্যাচের তৃতীয় বলেই ১০ হাজার রান
মাইলফলক থেকে মাত্র ২ রান দূরে ছিলেন রোহিত। ম্যাচের তৃতীয় বলেই জেডন সিলসকে (Jayden Seales) ক্লিপ করে দু’রান নিয়ে সেই কীর্তি গড়েন তিনি। এর সঙ্গে এক দিনের ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটার হলেন রোহিত। এই তালিকায় রোহিতের আগে ছিলেন সচিন তেন্ডুলকর, ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিস গেইল (Chris Gayle) এবং শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya)। ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান এখনও সচিনের। ৩৪০ ইনিংসে তাঁর রান ১৫,৩১০। জয়সূর্যের ৩৮৩ ইনিংসে ১২,৭৪০ রান এবং গেইলের ২৭৪ ইনিংসে ১০,১৭৯ রান।
সচিনের রেকর্ড ভাঙলেন ১২ ইনিংস আগে
সচিন ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন। সেই সময় তাঁর লেগেছিল ২১৪টি ইনিংস। দীর্ঘ ২২ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন রোহিত। রোহিতের কাছে এই রেকর্ড আরও তাৎপর্যপূর্ণ, কারণ ২০২৭ সালের ODI বিশ্বকাপে তাঁর জায়গা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। বয়স ও ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও ব্যাট হাতে একের পর এক বড় ইনিংস খেলছেন তিনি।
আগের ম্যাচেও গড়েছিলেন বড় রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চলতি সিরিজ়েই আরও একটি বড় মাইলফলক ছুঁয়েছিলেন রোহিত। দ্বিতীয় ODI ম্যাচে ৭৫ বলে ১০১ রান করে সচিন ও বিরাট কোহলির (Virat Kohli) পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এক দিনের ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেন তিনি। নিউ চণ্ডীগড়ে তৃতীয় ম্যাচে অবশ্য শতরানের খুব কাছে গিয়েও থামতে হয় রোহিতকে। ৮৫ বলে ৯২ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) মাত্র ১ এবং বিরাট কোহলি শূন্য রানে ফিরে যাওয়ার পর রোহিতই ভারতের ইনিংস সামলান। ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) সঙ্গে ১৩৭ রানের জুটি গড়ে ইনিংসকে মজবুত জায়গায় নিয়ে যান তিনি।
রাহুলের রেকর্ড
এ দিকে কেএল রাহুলের (KL Rahul) ব্যাটেও এল দুরন্ত শতরান। মাত্র ৮০ বলে শতরান পূর্ণ করে রাহুল ২৭ বছর পুরনো রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) রেকর্ডে ভাগ বসান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে উইকেটকিপার-ব্যাটার হিসেবে ODI ক্রিকেটে শতরান করা দ্বিতীয় ভারতীয় হলেন তিনি। দ্রাবিড় ১৯৯৯ এবং ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে উইকেটকিপার হিসেবে অপরাজিত ১০৩ এবং ১০৯ রান করেছিলেন। নিউ চণ্ডীগড়ে এ দিন রাহুল ৮৭ বলে অপরাজিত ১২৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬টি ছক্কা এবং ১০টি চার।
ভারতের ইনিংস শেষ হলো ৩৫১ রানে
ভারতের হয়ে ঋতুরাজ এ দিন হাফসেঞ্চুরি করেন। চারটি ছক্কা এবং একটি চারের সৌজন্যে ৬৯ বলে ৫৭ করেন তিনি। এ ছাড়া ২১ বলে ৩০ করেন নমন ধীর। ভারত নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫১ রান করেন। উইন্ডিজ়ের জেডন সিলস ৩ উইকেট নেন। এ ছাড়া ২ উইকেট নেন কেমো পল, ১ উইকেট নেন গুদাকেশ মোতি।