মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না,Ei Samay,CSK-র জার্সিতে সুরেশ রায়না

ধোনির দলে চাকরি চাইলেন রায়না, কী জানাল CSK?

চেন্নাই সুপার কিংসের দর্শকদের কাছে ধোনির পর প্রিয় মানুষ যিনি তিনি সুরেশ রায়না। ধোনিকে থালা নাম দেওয়ার পাশাপাশি রায়নাকে তাঁরা বলতেন চিন্না থালা নামে। চারটি IPL এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জেতা সুরেশ রায়না আজও CSK-র সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর পর বর্তমানে ধারাভাষ্য ও বিশেষজ্ঞের ভূমিকায় দেখা গেলেও, নিজের ইচ্ছার কথা এ বার জানালেন রায়না। জানিয়ে দিলেন—চেন্নাই সুপার কিংসের কোচ হয়ে মাঠে নামতে তিনি পুরোপুরি প্রস্তুত।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে একটি ম্যাচের সময় আলোচনায় মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না

CSK-র কোচ হতে চেয়ে প্রস্তাব

সম্প্রতি ভারতীয় দল ও চেন্নাইয়ের প্রাক্তন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এক বিশেষ সাক্ষাৎকার পর্বে আলোচনা করেন ৩৯ বছর বয়সি এই তারকা। সেখানেই তিনি ফাঁস করেন যে, CSK-র কোচিং সেট-আপের অংশ হতে চেয়ে ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষের কাছে সরাসরি প্রস্তাব পাঠিয়েছেন তিনি।

অশ্বিনের সঙ্গে কথা বলতে গিয়ে রায়না বলেন, ‘আমি IPL-এ প্রায় ১৬ বা ১৭ বছর ধরে খেলছি। CSK-র হয়ে বহু রান করেছি, অসংখ্য হাই-প্রেশার ফাইনাল ম্যাচ খেলেছি। আমি ম্যানেজমেন্টকে জানিয়েছি এবং প্রস্তাব দিয়েছি। এখন বাকিটা ওদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এখন দলটা সম্পূর্ণ ওদের হাতে—আমরা (রায়না ও অশ্বিন) দুজনেই অবসর নিয়েছি। সুতরাং ডাক আসবে কি না, সেই সিদ্ধান্ত ওদেরই নিতে হবে।’ তিনি আবেগঘন গলায় আরও যোগ করেন, ‘আমরা আমাদের কাজটা করেছি, একসঙ্গে একের পর এক ট্রফি জিতেছি। এখন দেখতে হবে ফ্র্যাঞ্চাইজ়ি আমাদের অভিজ্ঞতাকে কী ভাবে কাজে লাগায়। আমি আইপিএলের প্রথম দিন থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলাম, তাই তারা যদি মনে করে আমি এই দায়িত্বের যোগ্য, তবে আমি সানন্দে গ্রহণ করব। হলুদ জার্সিই আমার কাছে সব কিছু।’

চেন্নাই সুপার কিংসের জার্সিতে একটি ম্যাচের সময় আলোচনায় মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না

কোচ হয়ে চাপ সামলানো শেখাবেন

রায়না CSK-র দায়িত্ব পেলে কী করবেন সেটাও জানান। ব্যাটিং টেকনিক নয়, তাঁর লক্ষ্য থাকবে বড় মঞ্চে চাপ সামলানো শেখানো। বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল ও বিশ্বকাপ মিলিয়ে খেলার প্রতিটি দিক আমার দেখা। ফাইনাল ম্যাচ খেলার সময় খেলোয়াড়দের মনে কী ধরনের চাপ কাজ করে, তা আমি খুব ভালো করে জানি। আইপিএল প্লে-অফে এখনও পর্যন্ত আমার রানই সবার উপরে। সেই অভিজ্ঞতাই আমি দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভাগ করে নিতে চাই। বর্তমান দল দারুণ খেলছে, কিন্তু মরশুমের পর মরশুম কী ভাবে একই রকম ধারাবাহিকতা ও ফিটনেস ধরে রাখতে হয়, সেটাই আসল ম্যাজিক।’

CSK-র জার্সিতে সুরেশ রায়না চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন

যদিও রায়নার এই দাবি শোনেনি CSK। তিনি ব্যাটিং কোচ হতে চাইলেও এ বার কোচ জ়াহির খানে নেতৃত্বে কোনও ব্যাটিং কোচ রাখেনি IPL-এ অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজ়ি। বোলিং কোচের দায়িত্বে এসেছেন সিএসকের প্রাক্তন তারকা মোহিত শর্মা। সহকারী কোচ গ্যারেথ ব্যাটি ও অ্যালবি মর্কেল।