জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি। আজ বুধবার ঢাকায় পরিকল্পনা কমিশনেছবি: প্রথম আলো

একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি নতুন ও ৫টি সংশোধিত প্রকল্প।

যথাযথভাবে সরকারি প্রকল্পের ক্রয় পরিকল্পনা তৈরি করতে দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত করা হবে। এমনকি পর্যালোচনা সভায়ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ডেকে তাঁদের মতামত নেওয়া হবে। সব প্রকল্প নজরদারিতে আনতে বাড়ানো হবে লোকবল। প্রকল্পের রেড শিডিউল নিশ্চিতে তৈরি করা হবে নতুন সফটওয়্যার।

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয় জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি। একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি টাকা এবং প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোট টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ২ হাজার ৩৯০ কোটি টাকা। এদিন একনেক সভা থেকে দুটি প্রকল্প অধিকতর পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।

জুনায়েদ আবদুর রহিম সাকি বলেন, রেড শিডিউলে সব জিনিসের দর থাকে না। নতুন অনেক যন্ত্রপাতি থাকে, যেটার বাজারদর সম্পর্কে ধারণা থাকে না। তাই এসব ক্ষেত্রে দর মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা হবে। প্রকল্পের ক্রয় পরিকল্পনায় রেড শিডিউল নিশ্চিতে একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যাতে এআই যুক্ত থাকবে। প্রকল্পের পর্যালোচনা সভায় বিশেষজ্ঞদের যুক্ত করা হবে। এ ছাড়া সব প্রকল্প নজরদারিতে আনতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) লোকবল বাড়ানো হবে।

ফেরত পাঠানো প্রকল্প দুটির বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প আরও পর্যালোচনা করার পর আবার একনেক সভায় তোলা হবে। সংশোধনের আগে প্রকল্পটির বিলম্বের কারণ এবং কোনো অনিয়ম হয়েছে কি না, সেটা তদন্ত করে পরে আবার নিয়ে আসতে বলেছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা কমিশন সূত্র জানা গেছে, বরিশালে সেতু নির্মাণের একটি প্রকল্প ফেরত দেওয়া হয়েছে। আগের একটি প্রকল্পের অনিয়মের ঘটনায় ব্যবস্থা না নেওয়ায় এ–সংক্রান্ত নতুন প্রকল্পের বিষয়ে আলোচনা শুনতে চাননি প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে হাসপাতালগুলোয় কতজন ডাক্তার–নার্স আছেন এবং কতজন দরকার হবে, সেটির পরিকল্পনা করতে বলেছেন প্রধানমন্ত্রী। শুধু হাসপাতাল হবে, কিন্তু চিকিৎসক থাকবেন না—এমনটি হবে না। দেশেই লিভার প্রতিস্থাপনের মতো সক্ষমতা তৈরি হচ্ছে বলে জানান তিনি।

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় ২ জেলার ২৪টি উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ, সড়ক পুনর্বাসন এবং বাজার ও জনবসতির সঙ্গে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ করা হবে। এতে নতুন করে ১ হাজার কিলোমিটারের বেশি সড়ক উন্নয়নের পাশাপাশি ৬৩০ কিলোমিটার বিদ্যমান সড়ক মেরামত ও পুনর্বাসন করা হবে।

যেসব প্রকল্পের অনুমোদন

আজ বুধবার একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন (২ সংশোধন); যশোর, কক্সবাজার ও পাবনায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন); চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবার বৃদ্ধি; পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।

এ ছাড়া রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধন); গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ (এইচবিবি, ২য় পর্যায়); আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধন; আরইবির বৈদ্যুতিক বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (চট্টগ্রাম ও সিলেট বিভাগ); কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার পুনর্বাসন প্রকল্প।