একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় একযোগে প্রকাশ করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয় এবং আবেদনের সময়সীমা শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। নীতিমালায় একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম হিসেবে নির্বাচনের সুযোগ পেয়েছেন।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এজন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রাথমিক আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
পরবর্তীতে ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের স্ব স্ব কলেজে সরাসরি গিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।
ফল দেখার প্রক্রিয়া: একাদশ শ্রেণির ভর্তির ফল দেখতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এসএসসি বা সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সবশেষে স্ক্রিনে প্রদর্শিত ভেরিফিকেশন কোড (ক্যাপচা) যথাযথভাবে দিয়ে ‘সাবমিট’ করলেই শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তা দেখতে পাবেন।
জেএইচআর