,— এই সময়

বাদল সরকার থেকে আজ—সামাজিক পট-পরিবর্তনেও অটুট থার্ড থিয়েটার

‘থিয়েটার’ শব্দটা উচ্চারণ করলেই যেন চোখে ভেসে ওঠে রকমারি মঞ্চ আর আলো। ভেসে ওঠে অভিনেতা-অভিনেত্রীদের মুখ। দর্শকাশনে বসে নাটক দেখার অনুভূতিটাই আলাদা। কিন্তু যদি দর্শক-অভিনেতার মধ্যেকার দূরত্বটাই না থাকে? সেটা অবশ্যই হবে ‘অন্য ধারা’র থিয়েটার। যদি আলাদা মঞ্চেরও প্রয়োজন না হয়? তবে সেটা অবশ্যই হবে অন্য ধারার থিয়েটার। তেমনই একটি বিকল্প নাট্যধারা হল থার্ড থিয়েটার। সেই ধারাই জনপ্রিয়তা পেয়েছিল, কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের হাত ধরে।

মঞ্চের গণ্ডিতে আবদ্ধ রেখে নয়, নাটককে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বাদল সরকার। তিনি অভিনেতা ও দর্শকের মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে ফেলতে চেয়েছিলেন। আর তাঁর হাত ধরেই থিয়েটার পৌঁছে গিয়েছিল জনগণের মাঝে। পাশাপাশি সাধারণ মানুষের থিয়েটার দেখার সুযোগও তৈরি হয়েছিল। সে কারণেই বাদল সরকারকে বাংলা তথা ভারতীয় নাট্যজগতে, তৃতীয় ধারার নাটকের ‘থার্ড থিয়েটার’-এর জনক বলা হয়।

মঞ্চের গণ্ডিতে আবদ্ধ রেখে নয়, নাটককে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বাদল সরকার।

সাধারণত তৃতীয় ধারার নাটক পরিবেশিত হয় চার দেয়ালের বাইরে। খোলা জায়গায়, মুক্তমঞ্চে। এখানে সংলাপের চেয়ে বেশি প্রাধান্য পায় শরীরী ভাষা (অভিনয়)। থিয়েটারের ভাষায় যাকে বলা হয়ে থাকে ‘ফিজ়িক্যাল অ্যাক্টিং’। যে কোনও খোলা জায়গাতেই এই নাটক মঞ্চস্থ করা যায়। কারণ অভিনয় করতে মঞ্চ, আলো, সেট, বিশেষ পোশাক (কস্টিউম) — এতো আয়োজনের প্রয়োজন হয় না।

এই তৃতীয় ধারার নাটক কখনওই অর্থের উপর নির্ভরশীল নয়। কারণ নাটক দেখতে টিকিটের প্রয়োজন হয় না। আবার কোনও নির্দিষ্ট অর্থ মূল্যও থাকে না। সে কারণেই আবার এই ধারার নাটক কোনও অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারে না। অভিনয়ের পরে চাদর বা গামছা বিছিয়ে দেওয়া হয়। নাটক দেখার পর সবাই সেখানে সাধ্যমতো, ইচ্ছে মতো অর্থ দান করে থাকেন। যাকে এই থিয়েটারের ভাষায় সাধারণ দর্শকদের অংশগ্রহণ বলা হয়ে থাকে।

বাদল সরকার বলতেন, থার্ড থিয়েটার হবে নমনীয় (Flexible), বহণীয় (Portable), আর সুলভ (Inexpensive)। যাতে সেই প্রযোজনা খুব কম খরচে এবং খুব সহজেই মঞ্চস্থ করা যায়। তা ছাড়াও এই নাটকে অভিনেতা এবং দর্শকদের মধ্যে দূরত্ব খুব কম থাকায় তারা বিষয়ের সঙ্গে অনেক বেশি একাত্ম হতে পারেন। এ ভাবেই তিনি মঞ্চের বাইরে সাধারণ মানুষের মধ্যে, নাটককে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, যা আজকের দিনে খুবই গ্রহণীয়।

আজও এই থার্ড থিয়েটারের ধারা এবং দর্শনকে বয়ে নিয়ে চলেছে বেশ কিছু গ্রামীণ নাট্যদল। যার মধ্যে রয়েছে বাদল সরকারের নিজস্ব নাট্যদল ‘শতাব্দী’-ও। এ ছাড়াও রয়েছে ‘পথসেনা’, ‘আয়না’, ‘ব্রীহি’, ‘কোরাস’, ‘চেনা আধুলি’, ‘দৃশ্যান্তর’, ‘হালিশহর সাংস্কৃতিক সংস্থা’, ‘রূপরঙ্গ থিয়েট্রিকাল’, ‘ষষ্ঠ ইন্দ্রিয়’, ‘অন্বেষা সাংস্কৃতিক সংস্থা’র মতো অনেক নাট্যদল।

যে ধারার নাটক কলাকুশলীদের অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারে না, সেই ধারার নাট্য নির্মাণকে বয়ে নিয়ে চলা সত্যিই সাহসিকতার পরিচয়। কারণ বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে দৈনন্দিন যাপনই যেখানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে, সেখানে এই প্রতিবন্ধকতার মধ্যেও নিয়মিত কাজ করে চলেছেন থিয়েটার কর্মীরা।

মঞ্চের গণ্ডিতে আবদ্ধ রেখে নয়, নাটককে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বাদল সরকার।

তৃতীয় ধারার নাটক নিয়ে দু’-দশকেরও বেশি কাজ করে চলেছে ‘ব্রীহি’ নাট্যদল। বহরমপুরের এই নাট্যদলের কর্ণধার দীপক বিশ্বাস স্পষ্ট জানালেন, যতদিন শ্রমজীবী মানুষ থাকবে, ততদিন এই তৃতীয় ধারার থিয়েটার বেঁচে থাকবে। তাঁর স্পষ্ট যুক্তি, ‘আমরা বলে থাকি নাটক সবার জন্য। কিন্তু তাও নাটকে টিকিটের সিস্টেম চালু রয়েছে। শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষের পক্ষে সম্ভব হয় না পরিবারের সবাইকে নিয়ে টিকিট কেটে নাটক দেখার।’ তাই নাটক সবার জন্য, এই দ্বিচারিতার তিনি ঘোরতর বিরোধী।

বাদল সরকারের মৃত্যুর পরে অনেকেই মন্তব্য করেছিলেন, এই নাট্যধারায় যবনিকা পড়ল। না, তা হয়নি। বরং আর্থিক অসঙ্গতির কারণে বর্তমানে প্রসেনিয়াম থিয়েটার ছেড়ে অনেকেই বেছে নিচ্ছেন এই তৃতীয় নাট্য ধারা। এমনই একটি নাট্যদল ‘সংসপ্তক চুঁচুড়া’।

‘আয়না’ নাট্যদলের প্রাণপুরুষ মানস দাস। তাদের এই নাট্যদলের জন্ম ১৯৮৮ সালের ১৫ জুলাই। মানস বললেন, ‘কাকতালীয়ভাবে এ দিন বাদলদারও জন্ম। কিন্তু তখন আমরা তাঁকে চিনতাম না।’ এই সময় থেকেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের নাট্যদল মাঠে ময়দানে ঘুরে-ঘুরে নাটক করবে। শুধু মঞ্চ নাটক করবে না। নেবেও না কোনও সরকারি কিংবা বেসরকারি অনুদান। এমনকী টিকিটও বিক্রি করবে না। এই ভাবেই তাঁরা পথ চলা শুরু করেছিলেন।

মানস জানালেন, জসিমউদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ কবিতা অবলম্বনে তাঁরা প্রথম নাটক তৈরি করেন। এ ভাবে নাটক করতে করতেই একটা সময় বাদল সরকারের সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং তাঁর সান্নিধ্যে এসেছিলেন। বললেন, ‘এই ভাবেই বাদলদার দর্শনের প্রেমে পড়া।’

মঞ্চের গণ্ডিতে আবদ্ধ রেখে নয়, নাটককে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বাদল সরকার।

‘শতাব্দী’র সৌরভ অধিকারীর কথায়, ‘তৃতীয় ধারার নাটক এই মুহূর্তে ভালো জায়গাতেই আছে। বাদলদা যখন ছিলেন, তখন এই ধারার তিনটি দলকেই আমরা চিনতাম — ‘শতাব্দী’, ‘পথসেনা’ এবং ‘আয়না’। এ ছাড়া হাতে গোনা কিছু দল কাজ করত। আমাদের আশেপাশে এখন অনেক নতুন দল কাজ করছে, নতুন ছেলে মেয়ে কাজ করছে।’

এ ভাবেই অনেক নাট্যদল এখন কাজ করছে। আবার অনেকে প্রসেনিয়াম ছেড়ে তৃতীয় ধারার থিয়েটারও করছে। যেন মাটিতে নেমে এসেই তাঁরা কাজ করছে। সে কারণেই তৃতীয় ধারার নাট্যদল গুলো আশার আলো দেখছে। লক্ষীকান্তপুরের ‘অন্য কন্ঠ’ নাট্যগোষ্ঠী। এই নাট্যদলের বয়স মাত্র সাত বছর। কিন্তু ইতিমধ্যেই তৃতীয় ধারার নাটক নিয়ে কাজ করে বেশ আলোড়ন ফেলেছে জেলায় জেলায়। এই দলের প্রাণপুরুষ গৌরাঙ্গ ঘোষের কথায়, ‘মাঝেমধ্যেই সপ্তাহ জুড়ে আমরা নানা গ্রামে ঘুরি। আমরা যেখানে যেখানে নাটক করেছি, মানুষের থেকে ভালো সাড়াই পেয়েছি। লাইট, সাউন্ড ছাড়াও সেখানে মানুষ মন দিয়ে নাটক দেখেছেন। আমাদের নাটক ভালো ভাবে গ্রহণ করেছেন।’ এমন জায়গাতেও গৌরাঙ্গরা অভিনয় করতে গিয়েছেন, যেখানকার মানুষ প্রথমবার নাটক দেখলেন।

মানস প্রত্যন্ত গ্রামে নাটক করতে যাওয়ার একটি সুন্দর অভিজ্ঞতা ভাগ করে নিলেন। বললেন, ‘নয়ের দশক — জায়গাটা বীরভূমের একটা গ্রাম, রূপপুর। প্রতি বছর সেখানে শহীদমেলা হতো। এই মেলায় অনেক মানুষের ভিড় হতো, কিন্তু কোনও পুজো হতো না। কবি-গান দিয়ে দুপুর থেকে অনুষ্ঠান শুরু হতো। আমাদের নাটক থাকত রাত ১১টায়। তারপর রাত ১টার সময় আদিবাসী যাত্রা শুরু হতো।’ যে দিনের কথা ভাগ করলেন মানস, সে দিন অভিনয় শেষে তিনি বসে রয়েছেন। পরের দিন ভোরবেলা বেরিয়ে যাবেন বোলপুর থেকে। এমন সময় মাথায় ফেজ টুপি পরা একজন ভদ্রলোক এসে মানসকে বললেন, 'আজ আমাদের গ্রামে আপনাদের যাতি (যেতে) হবে।’ মানস বললেন, তখন তাঁকে বলি, যাব কী করে। ভোরবেলা ট্রেন ধরতে হবে। কিন্তু সেই ব্যক্তি নাছোড়বান্দা। বললেন, ‘আমাদের গ্রামে সকালে তোমাদের নাটক করতে হবে।’ অগত্যা টিকিট বাতিল করে সেই গ্রামে গেলেন মানসরা। গিয়ে দেখলেন ধূধূ মাঠ, একটা গাছতলা। অনুর্বর জমি। ক্ষেত থেকে ধান ওঠার পরে মাটিটা অসমান হয়ে রয়েছে। ওর মধ্যে অভিনয় করাটাই অসম্ভব। তারপর নিজেরাই কোদাল চালিয়ে সেই জমি সমান করলেন। অতঃপর সেখানে নাটক উপস্থাপন করলেন। সেই নাটক দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিল।

মঞ্চের গণ্ডিতে আবদ্ধ রেখে নয়, নাটককে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বাদল সরকার।

মানসের স্মৃতি আজও সজাগ, ‘এটা এমন একটা হতদরিদ্র গ্রাম ছিল যে, সেখানে মেয়েদের গায়ে দেওয়ার একটা ভালো শাড়িও ছিল না। নাটকের পরে যেমন কাপড় পেতে বলি, যে যেমন চাইবেন, অংশগ্রহণ করতে পারেন। সঙ্গে সঙ্গে জায়গাটা ফাঁকা হয়ে গেল! প্রথমে হয়তো কথাটা ওঁদের ঠিক মতো বোঝাতে পারেননি। কিন্তু কিছুক্ষণ পরেই তাঁরা দেখলেন, চারিদিক থেকে হুড়মুড়িয়ে গ্রামের লোক আবার ফেরত আসতে শুরু করেছে। আসলে ওঁরা জানতেন না যে, নাটকে তাঁদেরও অংশগ্রহণ করতে হবে। তাই নাটক দেখতে আসার সময় হাতে করে কিছু নিয়ে আসতে পারেনি। তারপর বাড়িতে গিয়ে যে যার মতো করে জিনিস নিয়ে এলেন।’ ওই নাটকে মানসরা মোট দু’জন অভিনেতা ছিলেন। তাঁদের জন্য একজন গ্রামবাসী দু’টো ডিম নিয়ে এলেন। এ রকম ভাবেই যে যার সাধ্যমতো উপহার নিয়ে এসেছিলেন সে দিন। এরপর আবার দুপুরে খেয়ে যাওয়ার অনুরোধ এলো মানসদের কাছে। বললেন, ‘নাটক করতে গিয়ে এ রকম অনেক প্রাপ্তি ঘটেছে।’

মঞ্চের গণ্ডিতে আবদ্ধ রেখে নয়, নাটককে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বাদল সরকার।

থিয়েটারের মূল ভিত্তি বিশ্বাস বলে মনে করেন মানস, যেটা অনেক সময়ই হারিয়ে যায়। মানস বলেন, ‘প্রথমত সেটা নিজের কাছে। অর্থাৎ আমি যেটা করছি বা বলছি, সেটা নিজে বিশ্বাস করি কি না। অভিনেতা-অভিনেত্রীদের উল্টোদিকে যারা বসে থাকেন, তাঁরা দর্শক। তাঁদের অংশগ্রহণ ছাড়া শিল্পটা সম্ভব নয়। এই অংশগ্রহণটা দু’রকম ভাবে হয়ে থাকে। এক আত্মিক এবং দুই আর্থিক।’ তাঁদের নাটক দেখতে টিকিট লাগে না, জানালেন মানস। কিন্তু নাটক দেখার পরে তাঁরা একটা কাপড় পেতে রাখেন। বলেন, ‘আপনি যদি মনে করেন অংশগ্রহণ — আর্থিক ভাবে — করতে পারেন, আবার না-ও করতে পারেন। আপনারা শুধু মতামতও দিতে পারেন। বাদলদার নেতৃত্বে আমরা এটা প্রমাণ করে দিয়েছি, এমন কোনও থিয়েটার নেই যে, এই ধারায় (থার্ড থিয়েটার) করা যায় না।’