‘আমি কাজ খুঁজতে যাই না...’, এত বছর পরে ‘বিশ্বগুরু’তে ফেরা প্রসঙ্গে ‘শক্তিমান’ মুকেশ
বহু বছর পর বড়পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন মেগা ধারাবাহিক ‘শক্তিমান’ ও ‘মহাভারত’-এর ‘ভীষ্ম’ খ্যাত প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। আসন্ন ছবি ‘বিশ্বগুরু’-র মাধ্যমে রুপোলি পর্দায় ফের নিজের অভিনয় ক্ষমতা প্রদর্শন প্রস্তুত বর্ষীয়ান এই অভিনেতা। কাজের মাঝখানে দীর্ঘ বিরতি এবং সাম্প্রতিক ছবি নির্বাচন নিয়ে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ খান্না জানিয়েছেন, তাঁকে কাজ খুঁজতে যেতে হয় না। ভালো চরিত্র বা গল্প না পেলে তিনি কোনওদিন কাজ করার প্রয়োজন বোধ করেন না।
দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে থাকা প্রসঙ্গে মুকেশ খান্না নিজের সহজ-সরল দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কেন তাঁকে সচরাচর পর্দায় দেখা যায় না, এই প্রশ্নের জবাবে প্রবীণ অভিনেতা বলেন, ‘মানুষ প্রায়শই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কেন সিনেমা করি না? আমার জবাব একটাই—আমি কাজ খুঁজতে বের হই না। যদি ভালো চরিত্র ও মনের মতো কাজ আসে, তবেই আমি তা করি।’ মুকেশ খান্না মনে করিয়ে দেন, তাঁর অভিনীত শেষ বড় মাপের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ছিল দেব আনন্দের ‘সেন্সর’।
‘বিশ্বগুরু’ সিনেমাটিতে অভিনয় করার নেপথ্যে মূল কারণ এর কাহিনি ও সামাজিক বার্তা। ছবির গল্প পছন্দ হওয়ার পরে মুকেশ খান্না নির্মাতাদের জানান যে তিনি গুজরাটি ভাষা বলতে পারেন না। নির্মাতারা তখন তাঁকে আশ্বাস দেন এবং সিনেমায় তাঁর সম্পূর্ণ সংলাপ হিন্দিতে রাখার সিদ্ধান্ত নেন। ছবির গুরুত্ব তুলে ধরে অভিনেতা জানান, ‘এই সিনেমায় শুধুই গল্প নেই, সঙ্গে এক গভীর বার্তা রয়েছে। কেবল তরুণ সমাজ নয়, প্রতিটি অভিভাবক এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা নেতৃবৃন্দ ও শিক্ষামন্ত্রীদের এই ছবি দেখা অত্যন্ত জরুরি।’