বিয়ের দু’বছর পরে নববধূর সাজে সোনাক্ষী, লাল টুকটুকে শাড়িটা কে উপহার দিয়েছেন জানেন?
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার শাড়ির প্রতি ভালোবাসা নতুন নয়। তাঁর নানা অনুষ্ঠান এবং বিশেষ মুহূর্তের সাজে বারবার ধরা পড়েছে ভারতীয় এই ঐতিহ্যবাহী পোশাক। তবে সম্প্রতি শাড়ি পরে নিজের কয়েকটি ছবি পোস্ট করে একটি মজার তথ্য জানালেন অভিনেত্রী। তাঁর কথায়, বিয়ের পর এই প্রথম শাড়ি পরলেন তিনি। শেষবার শাড়ি পরেছিলেন বিয়ের দিন। দীর্ঘ সময় পর ফের শাড়ি পরে বেশ ভালোই লেগেছে বলে জানালেন সোনাক্ষী।
সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন সোনাক্ষী। লাল রঙের শাড়িতে তাঁকে দেখা যাচ্ছে একেবারে সাবেকি সাজে। সঙ্গে মানানসই চুড়ি ও কানের দুল। চুল টেনে খোঁপা করে তাতে জড়িয়েছেন গজরা। কপালে সিঁদুর এবং গলায় মঙ্গলসূত্র—সব মিলিয়ে সাজে ছিল বিবাহিত নারীর ঐতিহ্যবাহী ছোঁয়া। বারান্দায় দাঁড়িয়ে একাধিক পোজ দিয়েছেন অভিনেত্রী। কখনও ক্যামেরার দিকে তাকিয়ে, কখনও আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি। তবে পোশাকের থেকেও বেশি নজর কেড়েছে সোনাক্ষীর নিজের লেখা কথাই। ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী জানান, বিয়ের সময়ই শেষবার শাড়ি পরেছিলেন তিনি। এতদিন পর আবার শাড়ি পরে বেশ ভালো লাগছে।
এই শাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বন্ধুত্বের গল্পও। সোনাক্ষী জানিয়েছেন, লাল রঙের এই সুন্দর শাড়িটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং ‘ডাবল এক্সএল’ ছবির সহ-অভিনেত্রী হুমা কুরেশি। ফলে শুধুমাত্র একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বন্ধুর দেওয়া উপহার হিসেবেও এই শাড়িটি সোনাক্ষীর কাছে বিশেষ। লাল শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী গয়না, গজরা, সিঁদুর এবং মঙ্গলসূত্র মিলিয়ে নিজের সাজ সম্পূর্ণ করেছেন অভিনেত্রী। মেকআপও রেখেছেন বেশ হালকা। ন্যুড শেডের লিপস্টিকেই ধরা দিয়েছেন তিনি।
শুধু বিয়ের অনুষ্ঠান নয়, রিসেপশনেও শাড়িই বেছে নিয়েছিলেন সোনাক্ষী। তবে সেখানে তাঁর সাজ ছিল আরও জমকালো। ডিজাইনার সঞ্জয় গর্গের লেবেল Raw Mango-র উজ্জ্বল ক্রিমসন-লাল বানারসি সিল্ক শাড়ি পরেছিলেন তিনি। ‘চাঁদ বুটা’ নামের সেই শাড়িটি তৈরি হয়েছিল খাঁটি কাতান সিল্ক দিয়ে। তাতে ছিল সোনালি নকশা এবং জরি বর্ডার। সঙ্গে পান্না ও সোনার চোকার, ঝুমকা এবং লাল চূড়ায় সেজেছিলেন তিনি।