জাপানি ক্রেতা–বিনিয়োগকারীদের জন্য বিজিএমইএর ‘জাপান ডেস্ক’ চালু
জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ জোরদারে ‘জাপান ডেস্ক’ চালু করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং বিনিয়োগের সুযোগ তৈরিতে এই ডেস্ক ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আজ বুধবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডেস্কটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ফিতা কেটে এই ডেস্কের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, একটি নির্দিষ্ট খাত বা প্রচলিত কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে পণ্য ও বাজার বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে বিজিএমইএ। জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য সম্ভাবনাময়। সেই সম্ভাবনা কাজে লাগাতেই জাপান ডেস্ক চালু করা হয়েছে।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বিজিএমইএ কার্যালয়ে জাপান ডেস্ক চালু হওয়ায় দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও গতিশীল হবে। টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বহুমুখীকরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
বিজিএমইএ জানায়, জাপানের বাজারে তৈরি পোশাক রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে প্রায় এক বছর আগে ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটি’ গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান এবং সমন্বয়কারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সোহেল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার জাপান ডেস্ক চালু করা হলো। জাপান ডেস্কের মাধ্যমে জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ছোট ও মাঝারি আকারের পোশাকের ক্রয়াদেশ ব্যবস্থাপনা, জাপানি বিনিয়োগ সহজ করা এবং দুই দেশের ব্যবসায়িক অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিজিএমইএর জাপান কমিটির উপদেষ্টা ও ফুরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব এবং বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সোহেল জাপান ডেস্কের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
জাপান ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের দূতাবাস, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপানি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।