চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি ৫৬০ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫১৬ কোটি টাকা।

চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি ৫৬০ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫১৬ কোটি টাকা।

সিরামিক খাতের দেশের শীর্ষস্থানীয় কোম্পানি আরএকে সিরামিকসের লোকসান কমেছে। কোম্পানিটির বিক্রি বেড়ে যাওয়ায় তা লোকসান কমাতে সহায়তা করেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি লোকসান করেছে প্রায় ৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির লোকসানের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের মাথায় এসে আরএকে সিরামিকসের লোকসান ১৬ কোটি টাকা কমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আর্থিক সূচকের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি ৫৬০ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫১৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব৵বসা বেড়েছে ৪৪ কোটি টাকার বা সাড়ে ৮ শতাংশের বেশি। চলতি বছরের প্রথম ৯ মাসে ৫৬০ কোটি টাকার ব্যবসার বিপরীতে আরএকে সিরামিকস পরিচালন মুনাফা করেছে ১৮ কোটি ২৮ লাখ টাকার বেশি। কিন্তু ব্যাংকঋণের সুদ, সরকারের কর ও শ্রমিককল্যাণ তহবিলের খরচ মেটানোর পর এই চূড়ান্ত হিসাবে পরিচালন মুনাফা লোকসানে চলে যায়। কোম্পানিটি গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকঋণের সুদাসল বাবদ পরিশোধ করেছে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। শ্রমিককল্যাণ তহবিলে দিয়েছে সোয়া ১ কোটি টাকা আর সরকারের কর বাবদ পরিশোধ করেছে দেড় কোটি টাকা।

এদিকে লোকসানের খবরে আজ ঢাকার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম ২০ পয়সা কমে দাঁড়িয়েছে ২৪ টাকায়।