সাদা রং করা সীমান্ত পিলার দিয়ে চিহ্নিত করা হয়েছে সীমানা। পিলারের ওপারে ভারত, এপারে বাংলাদেশ। ১০ নভেম্বর সকালে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের সীমান্তবর্তী পদ্মশাখড়া গ্রামেছবি: প্রথম আলো

সীমান্তের দুই পাশে পাশাপাশি বসবাস, আছে আত্মীয়তা ও মেলামেশা। তবে কাঁটাতার না থাকলেও সীমান্তের বাধায় স্বজনদের সঙ্গে দেখা হয় না অনেকের।

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাড়দ্দাহ গ্রাম। এর পাশেই ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিতর গ্রাম। দুই গ্রামের বাড়িঘর এত গা ঘেঁষে দাঁড়িয়ে যে প্রথম দেখায় বোঝার উপায় নেই, কোনটি বাংলাদেশের আর কোনটি ভারতের।

দুই দেশের সীমান্তে পাশাপাশি পাঁচটি বাড়ি। বাড়িগুলো পাঁচ ভাইয়ের। মাঝখানে কাঁটাতারের বেড়া নেই, আছে সীমান্ত পিলার। পিলারের ওপারের চার ভাই ভারতের নাগরিক। এপারের একজন বাংলাদেশি। তিনি হাড়দ্দাহ গ্রামের শওকত গাজী। পাঁচ ভাইয়ের মধ্যে তিনিই ছোট। বাকি চার ভাই দাউদ, আবেদ, মন্টু ও সিরাজুল গাজী থাকেন ভারতের অংশে।

১০ নভেম্বর হাড়দ্দাহ গ্রামে গিয়ে শওকত গাজীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘ভাইদের ভারতীয় পরিচয়পত্র আছে। তাঁরা ভারতের নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা পান। আমার কাছে নিজের দেশ বাংলাদেশই ভালো লাগে।’

শওকতের স্ত্রী সাবিনা বিবি বলেন, আত্মীয়স্বজন দুই দেশের নাগরিক হলেও সবার সঙ্গে সম্পর্ক ভালো।

দেশ ভাগ হয়েছে, সম্পর্ক নয়

ভোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. পলাশ হোসেন জানান, হাড়দ্দাহর সীমান্তসংলগ্ন অংশে বাংলাদেশের ১৫টি এবং পানিতরে ২২টি পরিবার রয়েছে। একে অপরের বাড়িতে যাওয়া, খাওয়াদাওয়া ও দাওয়াতের সম্পর্ক আছে। তিনি বলেন, সীমান্ত তাঁদের দুই দেশে ভাগ করেছে, কিন্তু সম্পর্কে কোনো দূরত্ব তৈরি করতে পারেনি। যাতায়াতের ক্ষেত্রে বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) জানাতে হয়।

সীমান্তের ১ নম্বর মূল পিলারের কাছে যেতেও বিজিবির অনুমতি লাগে। ১০ নভেম্বর দুপুরে ১ নম্বর মূল পিলারের পাশে দাঁড়িয়ে ছিলেন বিজিবি সদস্য আবদুর রহিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানে যাতায়াতের প্রয়োজন হলেও সব সময় তা সহজ হয় না। দায়িত্ব পালনের সময় আমাদের এসব বিষয় বিবেচনায় রাখতে হয়।’

সীমান্তের দুই পাশের বাড়িঘর এত কাছাকাছি যে প্রথম দেখায় বোঝার উপায় নেই, কোনটি বাংলাদেশের আর কোনটি ভারতের। মাঝখানে কাঁটাতারের বেড়া নেই, আছে সীমান্ত পিলার। তবে বিজিবি ও বিএসএফের নজরদারি আছে।

পিলার থেকে প্রায় ১৫০ গজের মধ্যে হাড়দ্দাহের শরিফুল ইসলামের চা ও মুদিদোকান। পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন তিনি। তাঁর দোকানে ভারতের নাগরিকেরাও কেনাকাটা করতে আসেন। দোকানের সামনের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল একদল শিশু, কেউ বাংলাদেশের, কেউ ভারতের পানিতরের। সেখানকার ইয়াসমিন, শুরাজ, শাহেদুল ও আমিনুল জানায়, তারা নিয়মিত হাড়দ্দাহে খেলতে আসে। এখানে তাদের বন্ধুরা আছে। তাদের খেলায় কেউ বাধা দেয় না।

ধানখেতের আলই সীমানা

হাড়দ্দাহর ও পানিতর গ্রামের মানুষেরা ভিসা–পাসপোর্ট ছাড়া দেখাসাক্ষাৎ করতে পারলেও ভোমরা ইউনিয়নের আরেক প্রান্তে তা সম্ভব হয় না। ভোমরা গ্রামে ধানখেতের আলই দুই দেশের সীমানা। গ্রামের বাসিন্দা নূরজাহান বেগম বলেন, ‘আইলের পাশে একটা পুকুর আছে। আমরা সেখানে গোসল করে চলে আসি। ওরা (ভারতের নাগরিক) ওদের মতো থাকে। কেউ কারও সঙ্গে কথা বলে না। এপারে বিজিবি, ওপারে বিএসএফ টহলে থাকে।’

একসময় সাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি যেতাম। আত্মীয়স্বজনের সঙ্গে সর্বশেষ দেখা ২০১৪ সালে। এখন ভিসা পাওয়া কঠিন, তাই মুঠোফোনেই যোগাযোগ রাখতে হয়।
শহিদুল ইসলাম, বাসিন্দা, পদ্মশাখড়া গ্রাম, ভোমরা, সাতক্ষীরা

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ ধানখেতের মাঝখানে সাদা রং করা পিলার। বাংলাদেশের বাসিন্দারা খেত থেকে খড়কুটো সংগ্রহ করছিলেন। সীমান্তের ওপারে ধান মাড়াই করছিলেন শ্রমিকেরা। কোথাও কোথাও খড়কুটোয় আগুন জ্বলছিল, উড়ছিল ধোঁয়া।

ভোমরা গ্রামের স্বপন দাস বলেন, দুই দেশের জমিতেই এবার ভালো ধান হয়েছে। ভারতের শ্রমিকেরা ধান কেটে নিয়ে যাচ্ছেন আর খড়কুটো পুড়িয়ে ফেলছেন।

শেষ দেখা ভিডিও কলে

১৯৪৭ সালে দেশভাগের সময় অনেক পরিবার দুই দেশে ছড়িয়ে পড়ে। ভোমরা গ্রামের হোসেন গাজীর নানা বাংলাদেশে এলেও নানার ভাই ও দুই বোন থেকে যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলেডাঙায়। মুঠোফোনে নিয়মিত তাঁদের কথা হয়। ভিসা পেয়ে এক বছর আগে হোসেনদের বাড়িতে বেড়াতে এসেছিলেন তাঁরা।

পদ্মশাখড়া গ্রামের সরোয়ার গাজীর বাড়ির ওপারে একটি সরু নালা। নালার ওপারেই থাকেন তাঁর চাচা ও চাচাতো ভাইয়েরা। সরোয়ার জানান, এখন মুঠোফোনে কথা হয়, সুযোগ হলে পাসপোর্ট–ভিসা করে দেখা করতে যাবেন।

বিচ্ছিন্নতার বেদনা স্পষ্ট পদ্মশাখড়ার শহিদুল ইসলামের (৬৫) কথায়। তাঁর শ্বশুরবাড়ি ভারতের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বালতি গ্রামে। তিন মাস আগে শাশুড়ি মারা গেলেও ভিসা না পাওয়ায় শেষবার দেখতে যেতে পারেননি, দেখেছেন ভিডিও কলে। তিনি বলেন, ‘একসময় সাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি যেতাম। আত্মীয়স্বজনের সঙ্গে সর্বশেষ দেখা ২০১৪ সালে। এখন ভিসা পাওয়া কঠিন, তাই মুঠোফোনেই যোগাযোগ রাখতে হয়।’

শহিদুল জানান, তাঁর গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষের আত্মীয়স্বজন ভারতের নাগরিক।

কবুতরগুলো ওপারে যায়, আবার ফিরে আসে

দাসপাড়া গ্রামের কৌশিক দাসের (১৯) বাড়ির কাছেই সীমান্ত। সরু নালার ওপারে টংঘরে বসে পাহারা দিচ্ছিলেন বিএসএফের সদস্যরা। এপারে কৌশিকের বাড়ি, ওপারে তাঁর মাসির। ছোটবেলায় মাসির বাড়িতে যাতায়াত করলেও এখন আর যাওয়া হয় না। সড়কের পাশের কাটা ধানখেতে শস্য খুঁটে খাচ্ছিল তাঁর কবুতরগুলো।

কৌশিক বলেন, ‘আমার ১৫ জোড়া কবুতর আছে। কবুতরগুলো সীমান্ত পেরিয়ে ওপারে যায়, আবার ঘরে ফিরে আসে। অথচ ওপারে থাকা আত্মীয়দের কাছে আমাদের আর যাওয়া হয় না। ওরাও আসতে পারে না।’