জ্বালানি তেলের দাম বাড়ায় জনদুর্ভোগ আরও বাড়বে: গোলাম পরওয়ার

জ্বালানি তেলের দাম বাড়ায় জনদুর্ভোগ আরও বাড়বে: গোলাম পরওয়ার

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে।

গোলাম পরওয়ারের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু যানবাহনের ভাড়া বা পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকবে না। কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, শিল্পকারখানার উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যের ব্যয়ও এর ফলে বাড়তে পারে। এর প্রভাব পরবর্তী সময়ে বিভিন্ন পণ্যের বাজারদামেও পড়তে পারে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, আয়-ব্যয়ের পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব সরাসরি জনগণের ওপর না চাপিয়ে বিকল্প উপায়ে পরিস্থিতি মোকাবিলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, সরকারি ব্যয় কমানো, অপচয় ও অনিয়ম বন্ধ করা এবং জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে নজরদারি জোরদার এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, শুধু জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকারি সংস্থাগুলোর আর্থিক চাপ মোকাবিলার চেষ্টা করলে এর দীর্ঘমেয়াদি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়তে পারে।

তিনি জনগণের দুর্ভোগ কমাতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং লিটারপ্রতি ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

এমএইচ