ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত-পূজারীদের সঙ্গে সাইফুল হকের শুভেচ্ছা বিনিময়

ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত-পূজারীদের সঙ্গে সাইফুল হকের শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্ত ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মন্দিরে প্রতিমা দর্শন শেষে তিনি ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সার্বজনীন পূজা কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ এবং বিপ্লবী যুব সংহতির নেতা তুহিন রহমান ও আহমেদ রনিসহ সংগঠনটির কেন্দ্রীয় সংগঠকেরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে সাইফুল হক বলেন, এবার দেশজুড়ে বিপুল সমারোহে সম্প্রীতির মেলবন্ধনে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। নানা ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের মানুষের ঐক্য ও শক্তি নিহিত।

তিনি বলেন, মাঝেমধ্যে বিভিন্ন অশুভ শক্তি মানুষের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টা করে এবং নানা ধরনের উসকানি সৃষ্টি করে। তবে অসাম্প্রদায়িক চেতনার মানুষ এসব অপচেষ্টা মোকাবিলা করে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে উৎসবের আনন্দ পরস্পরের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন।

সাইফুল হক বলেন, তাঁরা এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে চান, যেখানে ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবেন না।

তিনি আরও বলেন, হিংসাশ্রয়ী ও বিভেদকামী সব অশুভ শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এমএইচ