রাজধানীর তিন স্থানে বাসে অগ্নিকাণ্ড

রাজধানীর তিন স্থানে বাসে অগ্নিকাণ্ড

রাজধানীর মিরপুর ও বাড্ডায় পৃথক তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য বাড্ডা, মিরপুর-১১ নম্বর এবং মিরপুর-১ নম্বর মোড়ে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের নিকটে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

প্রায় একই সময়ে (সন্ধ্যা সোয়া ৭টার দিকে) মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ ছাড়া রাত ৮টা ৫০ মিনিটে বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেন ডিএমপির বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ।

তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে মিরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দুষ্কৃতকারীরা বাসে আগুন দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল, তবে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়নি। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

জেএইচআর