পারিবারিক বিরোধ, অবাধ্যতা, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব কিংবা সন্তানের অনৈতিক জীবনযাপনের কারণে অনেক মা-বাবা সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেন। কখনো কখনো সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও তা জানানো হয়।
প্রশ্ন হলো, ইসলামে এ ধরনের ঘোষণার কোনো স্বীকৃতি আছে কি? বাবা ইচ্ছা করলেই কি সন্তানকে নিজের পরিচয় ও উত্তরাধিকার থেকে বিচ্ছিন্ন করতে পারেন?
বংশপরিচয় অস্বীকারের বিধান
ইসলাম বংশপরিচয় সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লাহ বলেন, ‘তোমরা তাদের পিতৃপরিচয়ে ডাকো। আল্লাহর কাছে এটাই অধিক ন্যায়সংগত।’ (সুরা আহজাব, আয়াত: ৫)
জায়েদ ইবনে হারিসা (রা.) ছিলেন রাসুলের মুক্তদাস ও পালকপুত্র। তৎকালীন রীতি অনুযায়ী সবাই তাঁকে ‘জায়েদ ইবনে মুহাম্মদ’ বলে ডাকত। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি (সা.) তাঁকে বললেন, ‘তুমি জায়েদ ইবনে হারিসা ইবনে শারাহবিল।’ এভাবেই তাঁর প্রকৃত বংশপরিচয় পুনঃপ্রতিষ্ঠিত হয়। ( আত-তাফসিরুল ওয়াসিত লিল-কুরআনিল কারিম , ৩/১৪১–১৪২, মাজমাউল বুহুস আল-ইসলামিয়া বিল-আজহার, মিসর, ১৯৯২)
এ থেকে স্পষ্ট, বংশপরিচয় কোনো ব্যক্তির ইচ্ছাধীন বিষয় নয়। ঘোষণা দিয়ে প্রকৃত সন্তানকে পিতৃপরিচয় থেকে আলাদা করা যায় না। কোনো বাবা সন্তানকে ত্যাজ্য করলেও শরিয়তের দৃষ্টিতে সে তাঁর সন্তানই থাকবে। (ইবনে আবেদিন শামি, রদ্দুল মুহতার আলা আদ-দুররিল মুখতার , ৭/৪৪১, দারু আলামিল কুতুব, রিয়াদ, ২০০৩)
উত্তরাধিকার থেকে বঞ্চিত করা
ত্যাজ্য ঘোষণার অন্যতম উদ্দেশ্য থাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা। অথচ উত্তরাধিকারের অংশ নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ; কেউ নিজের ইচ্ছায় তা বদলাতে পারেন না।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন...।’ (সুরা নিসা, আয়াত: ১১)
এরপর ছেলেমেয়ে ও মা-বাবার অংশ বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে।
রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক প্রাপককে তার প্রাপ্য দিয়ে দিয়েছেন। অতএব, কোনো উত্তরাধিকারীর জন্য অসিয়ত নেই।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২১২০)
ইসলামে উত্তরাধিকারের কিছু নির্দিষ্ট প্রতিবন্ধকতা রয়েছে।
অবাধ্যতা সন্তানকে পিতার সন্তান হওয়া থেকে বিচ্ছিন্ন করে না। আচরণ যত আপত্তিকরই হোক, তাতে বংশপরিচয় বা উত্তরাধিকার বাতিল হয় না। একইভাবে সম্পর্ক নষ্ট হলেও মা-বাবার প্রতি সন্তানের মৌলিক দায়িত্ব শেষ হয়ে যায় না।
যেমন উত্তরাধিকারী কর্তৃক উত্তরাধিকারদাতাকে এমনভাবে হত্যা করা, যা ইসলামের দৃষ্টিতে উত্তরাধিকারের প্রতিবন্ধক; তেমনি মুসলিম ও অমুসলিমের মধ্যে ধর্মীয় ভিন্নতাও উত্তরাধিকারের প্রতিবন্ধক।
কিন্তু পারিবারিক বিরোধ বা ত্যাজ্য ঘোষণা এসব প্রতিবন্ধকতার অন্তর্ভুক্ত নয়।
সন্তান অবাধ্য হলে করণীয়
সন্তান মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করলে বা তাঁদের অধিকার নষ্ট করলে তা অবশ্যই গুরুতর অপরাধ। আল্লাহ বলেন, ‘আর পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)
নিষিদ্ধ বিষয় ছাড়া সবসময় তাঁদের আনুগত্য করাও সন্তানের দায়িত্ব।
তবে অবাধ্যতা সন্তানকে পিতার সন্তান হওয়া থেকে বিচ্ছিন্ন করে না। আচরণ যত আপত্তিকরই হোক, তাতে বংশপরিচয় বা উত্তরাধিকার বাতিল হয় না। একইভাবে সম্পর্ক নষ্ট হলেও মা-বাবার প্রতি সন্তানের মৌলিক দায়িত্ব শেষ হয়ে যায় না।
অন্যায়ের প্রতিবাদ করা, সংশোধনের চেষ্টা করা কিংবা প্রয়োজনে ওঠাবসা সীমিত করা এক বিষয়, আর সন্তান হিসেবে সম্পূর্ণ অস্বীকার করা আরেক বিষয়।
প্রথমটি পরিস্থিতি ও ইসলামের সীমারেখা মেনে করা যায়, কিন্তু দ্বিতীয়টির কোনো ইসলামে ভিত্তি নেই।
জীবদ্দশায় সম্পত্তি দান করার বিধান
অনেকে ভাবেন, ত্যাজ্য ঘোষণায় কাজ না হলেও জীবিত অবস্থায় সব সম্পত্তি অন্য সন্তানদের নামে লিখে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। জীবদ্দশায় হেবা বা দান করা বৈধ, কিন্তু সন্তানদের মধ্যে ন্যায়বিচার বজায় রাখা জরুরি।
নুমান ইবনে বশির (রা.) বলেন, তাঁর বাবা তাঁকে কিছু সম্পদ দান করেছিলেন। এর সাক্ষী রাখতে তিনি রাসুলের কাছে গেলে মহানবী (সা.) জিজ্ঞেস করলেন, ‘তোমার অন্য সন্তানদেরও কি এভাবে দিয়েছ?’
বাবা বললেন, ‘না।’ তখন নবীজি বললেন, ‘আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায়বিচার করো।’ (সহিহ বুখারি, হাদিস: ২৫৮৭)
তবে কোনো সন্তানের বিশেষ প্রয়োজন, অসুস্থতা, অক্ষমতা কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য কারণে তাকে তুলনামূলক বেশি সম্পদ দেওয়ার অবকাশ রয়েছে।
কিন্তু কাউকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এমন বৈষম্য করা ন্যায়সংগত নয়; এতে পাপগার হওয়ার আশঙ্কা রয়েছে।
সন্তানের ভুল থাকলে নসিহত করতে হবে; প্রয়োজনে গ্রহণযোগ্য মধ্যস্থতাকারীর সাহায্য নেওয়া যেতে পারে। সম্পত্তি নিয়ে বিরোধ হলে উত্তরাধিকারনীতি অনুসারে মীমাংসা করতে হবে।
পারিবারিক বিরোধের সমাধান
মা-বাবার কষ্টকে অবহেলা করার সুযোগ নেই, আবার তাঁদের আবেগি সিদ্ধান্তে সন্তান ক্ষতিগ্রস্ত হলে তারও প্রতিকার জরুরি। আবেগনির্ভর ঘোষণা সংকটকে আরও জটিল করে তোলে। প্রথমে বিরোধের প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে।
সন্তানের ভুল থাকলে নসিহত করতে হবে; প্রয়োজনে গ্রহণযোগ্য মধ্যস্থতাকারীর সাহায্য নেওয়া যেতে পারে। সম্পত্তি নিয়ে বিরোধ হলে উত্তরাধিকারনীতি অনুসারে মীমাংসা করতে হবে।
মা-বাবা সন্তানকে শাসন করতে পারেন, তবে ইসলামবিরোধী শাস্তি দেওয়ার অধিকার তাঁদের নেই। সন্তানেরও কর্তব্য, মতবিরোধ থাকলেও মা-বাবার প্রতি সম্মান ও সদাচরণ বজায় রাখা।
রাগের মাথায় ঘোষণা দিয়ে ফেললে
কেউ আবেগের বশে ত্যাজ্য ঘোষণা দিয়ে ফেললে তাঁর উচিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ঘোষণা প্রত্যাহার করা। আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।’ (সুরা জুমার, আয়াত: ৫৩)
সাহাবি নুমান ইবনে বশিরের বাবাও রাসুলের নির্দেশনা শুনে তাঁর দেওয়া দান ফিরিয়ে নিয়েছিলেন। (সহিহ বুখারি, হাদিস: ২৫৮৭)
এরপর সন্তানের সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ নেওয়া জরুরি। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি ভয়াবহ।
নবীজি বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৪)
পত্রিকায় ঘোষণা দিয়ে থাকলে তা প্রত্যাহারের বিষয়টিও প্রকাশ করা উচিত, যাতে সন্তানের সামাজিক সম্মানহানি ও ভবিষ্যৎ পারিবারিক জটিলতা এড়ানো যায়।
সন্তানের অপরাধের বিচার হবে তার কাজের ভিত্তিতে, আর সম্পদ বণ্টন হবে আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী। একটির কারণে অন্যটি বাতিল হবে না।
তাই রাগ-অভিমানে ত্যাজ্য ঘোষণার পথে না গিয়ে ন্যায়সংগত সমাধান খোঁজাই ইসলামের শিক্ষা।
ফয়জুল্লাহ রিয়াদ: শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা