Advertisement

যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, মামলার পর একজন গ্রেপ্তার

প্রথম আলো

প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬

যশোর শহরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছেছবি: প্রথম আলো
যশোর শহরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছেছবি: প্রথম আলো

যশোর শহরে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে মাথায় তিনটা সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।

আজ মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন সমু চৌধুরী। এই ঘটনায় তিনি বাদী হয়ে দুজনকে আসামি করে যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। মামলায় জাহাঙ্গীর তালুকদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাড়িতে এসে এ রকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতভম্ব হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি ওই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আমার ওপর হামলা হলো।
সমু চৌধুরী, অভিনেতা

সমু চৌধুরী বলেন, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসান কবির প্রথম আলো কে বলেন, ‘সমু চৌধুরী দুপুর দুইটার দিকে আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন । তাঁর মাথায় জখম ছিল। তিনটা সেলাই দিতে হয়েছে । তিনি আশঙ্কা মুক্ত অবস্থায় বাড়িতে গিয়েছেন।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমু চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাড়িতে এসে এ রকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতভম্ব হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি ওই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আমার ওপর হামলা হলো।’

গ্যারেজমালিক হৃদয়ের ভাষ্য, তিনি এ ঘটনায় জড়িত নন। সমু চৌধুরী মা-বোন তুলে গালিগালাজ করায় জাহাঙ্গীর তাঁর ওপর হামলা চালিয়েছে বলে মুঠোফোনে জানিয়েছেন।

সমু চৌধুরীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে বলেন, অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। ‌হামলার শিকার সমু চৌধুরী নিজেই মামলার বাদী হয়েছেন। এর মধ্যে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Lading . . .