বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অর্থায়নের পথ উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)। আজ সোমবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে তাদের অর্থায়নের জন্য যোগ্য দেশ হিসেবে ঘোষণা করেছে।
ডিএফসির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলো। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধার আওতায় উপযুক্ত প্রকল্পগুলোতে অর্থায়ন পাবে বাংলাদেশ। এতে বিনিয়োগের ঘাটতি পূরণ হবে এবং তহবিল সংকটে থাকা বাণিজ্যিকভাবে কার্যকর প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব হবে। ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় পরিষেবার মানোন্নয়ন এবং স্থানীয় ব্যবসা শক্তিশালী হবে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেছেন, ‘বাংলাদেশের এই যোগ্যতা অর্জন আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করার এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি আনতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’ তিনি বলেন, ‘জরুরি অবকাঠামো জোরালো করতে পারে, এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ উন্মোচন করতে পারি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারি।’
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেছেন, পারস্পরিক বাণিজ্যচুক্তির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং উভয় দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে ডিএফসির মাধ্যমে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডিএফসি বলেছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। বিশ্বের দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতিও এ অঞ্চলে রয়েছে। সংস্থাটি বলেছে, এ অঞ্চলে মার্কিন কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বেসরকারি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করতে চায় তারা।
প্রসঙ্গত, ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্তবাজার নীতির ভিত্তিতে বেসরকারি পুঁজিকে কাজে লাগিয়ে মার্কিন ব্যবসার প্রসার ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে ডিএফসি।
আরও পড়ুন


