সাফল্য বা ব্যর্থতা হাতে নেই, রোজ রেওয়াজ করাটা রয়েছে: রূপা বিশ্বাস সেন
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬
‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন’।
প্রবাদটি মাথায় রেখে কি না বলা মুশকিল, তবে ঘর পরিষ্কার করার সময়ে এক ট্রাঙ্কে লুকিয়ে রাখা ‘ডিস্কো জ্যাজ়’ অ্যালবামটি হঠাৎ নজরে এসেছিল রূপা বিশ্বাস সেনের ছেলে দেবায়নের। ২০১৪–র দুর্গাপুজোর কথা। ব্যর্থতা, খারাপ লাগার স্মৃতি যাতে ইতিহাসের অতলে হারিয়ে যায়, তাই অ্যালবামটি সযত্নে সরিয়ে রেখেছিলেন গায়িকা। কারণ, ১৯৮২–তে ক্যানাডায় গিয়ে রেকর্ড করা গানের অ্যালবামটি সেই সময়ে শ্রোতাদের মধ্যে সে ভাবে প্রভাব ফেলতে পারেনি। প্রায় সাড়ে চার দশক পরে রূপা বিশ্বাস সেনের গাওয়া ‘আজ শনিবার’ গানই এখন গ্লোবাল সেনসেশন। গায়িকার কথায়, ‘আমি আপ্লুত। খুবই ভালো লাগছে।’
১৩ বছর পরে রিলিজ় করেছে বিশ্বের অন্যতম আলোচিত ভিডিয়ো গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। সেখানেই জায়গা করে নিয়েছে বাঙালি গায়িকার গান। জিটিএ ৬–এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে বাজছে গানটি। এর আগে জিটিএ–র অন্য ভার্সনে জায়গা পেয়েছিল আশা ভোঁসলের ‘দম মারো দম’। আর এবার ‘আজ শনিবার’। উস্তাদ আলাউদ্দিন খানের দুই নাতি, প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশিস খান ও প্রণেশ খান কম্পোজ়িশনে গানটি গেয়েছিলেন রূপা। ১৯৮২–তে কানাডার ক্যালিগরিতে। সেখানে কাজ করতেন গায়িকার দাদা। ’৮১–তে তাঁর ডাকেই গিয়েছিলেন বিদেশে। এমনিতেই ছোটবেলা থেকে গানের তালিম নিয়ে বড় হয়েছেন মালদার মেয়ে।
রবীন্দ্রভারতী থেকে মিউজ়িকে স্নাতকোত্তর পাশ করে রেডিয়োতে গান গাইতে শুরু করার পরে গিয়েছিলেন ক্যানাডায়। সেখানে ছাত্রদের এক কনসার্টে তাঁর গান শুনে অ্যালবামের প্রস্তাব দিয়েছিলেন আশিস খান। বছর দু’য়েক পরে অ্যালবামটি রিলিজ় করলেও ‘আপ জেয়সা কোই’, ‘ডিস্কো ডান্সার’–এর মতো গানের জমানায় শ্রোতাদের মনের রাস্তা খুঁজে পায়নি ‘ডিস্কো জ্যাজ়’ অ্যালবামটি। তবে ভাগ্যের চাকা ঘুরেছে দীর্ঘ ৪৪ বছর বাদে। রূপা বলেছেন, ‘অল্প বয়সে গানটা রেকর্ড করার পরে আশা করেছিলাম সেটা মানুষের পছন্দ হবে। সবাই আমাকে চিনবেন, কিন্তু তেমন কিছুই হয়নি। তবে সেটা নিয়ে মনের মধ্যে কোনও ক্ষোভ বা দুঃখ ছিল না। বরং বিষয়টা ভুলেই গিয়েছিলাম।’
গায়িকার ছেলে অ্যালবামটি খুঁজে পাওয়ার পরে পরিস্থিতি বদলায়। পরে নেট রেবে বলে একজন অস্ট্রেলিয়ানের মধ্যস্থতায় ইউএস–এর মিউজ়িক কোম্পানি নিউমেরো গ্রুপ গানটির রাইট কেনে। তারাই ২০১৯–এ ইউটিউবে নতুন করে ‘আজ শনিবার’ রিলিজ় করে। মাঝে কিছু প্ল্যাটফর্মে তা ব্যবহারও করা হয়েছে। আর এবার জিটিএ ৬–এর মেগা প্ল্যাটফর্মে। গায়িকা বলেছেন, ‘গানটার সাফল্য না পাওয়া গায়ে মাখিনি। কারণ, সাফল্য বা ব্যর্থতা তো আমার হাতে নেই। রোজ রেওয়াজ করাটা রয়েছে। সেটা কিন্তু আমি রোজ চালিয়ে যাই।’ ’৮৪তে বিয়ের পরে সিঙ্গাপুরে বেশ কয়েক বছর কাটিয়েছেন। স্বামী প্রয়াত হওয়ার পরে অবশ্য কয়েক বছর ছেদ পড়েছিল গানের অভ্যাসে। পরে আবার চেনা গানের ছন্দে ফিরেছেন গায়িকা। সল্টলেকের বাড়িতে গাছের পরিচর্যা ও গানের রেওয়াজই তাঁর রুটিন। মাঝে মধ্যে গানের অনুষ্ঠানও করেন। ‘এখন অনেক মানুষ আমাকে চিনছেন। আমার গান শুনছেন। আশা রাখি কিছু গানের সুযোগও পাব,’ বলছেন রূপা।
বছর বারো আগের বরুণ ধাওয়ান–আলিয়া ভাট অভিনীত ‘হমটি শর্মা কী দুলহনিয়া’ ছবির ‘স্যাটারডে’ গান না শুনলেও চার দশক আগে বাংলায় ‘আজ শনিবার’ গেয়ে বেশ মজাই পেয়েছিলেন সত্তরের কোটায় পা রাখা রূপা। আর নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে গায়িকার বার্তা, ‘বর্তমান প্রজন্মের সদস্যরা খুব ভালো কাজ করছে। তবে অনেকে একবার ব্যর্থ হলে নিজেদের গুটিয়ে নেন। কিন্তু একটা কয়েনের দুটো দিকের মতোই জীবনে সাফল্য ও ব্যর্থতা দুই’ই রয়েছে। মনের জোর রাখতে হবে। ঈশ্বরের কাছে আমিও সাফল্যের প্রার্থনা করেছিলাম। বিশ্বাস ছিল, একদিন না একদিন ঠিক সাফল্য পাব। তাই নতুন প্রজন্মকে বলব, ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে যাও।’
১. কোন ভিডিয়ো গেমে জায়গা করে নিয়েছে রূপা বিশ্বাস সেনের গান?
উত্তর: বিশ্বের অন্যতম আলোচিত ভিডিয়ো গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা পেয়েছে তাঁর গান ‘আজ শনিবার’।
২. ‘আজ শনিবার’ গানটি কবে রেকর্ড করা হয়েছিল?
উত্তর: ১৯৮২ সালে কানাডার ক্যালিগরিতে গানটি রেকর্ড করেছিলেন রূপা বিশ্বাস সেন।
৩. কারা গানটির কম্পোজ়িশন করেছিলেন?
উত্তর: উস্তাদ আলাউদ্দিন খানের দুই নাতি, প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশিস খান ও প্রণেশ খান গানটির কম্পোজ়িশন করেছিলেন।
৪. কোন অ্যালবামে প্রকাশিত হয়েছিল ‘আজ শনিবার’?
উত্তর: ‘ডিস্কো জ্যাজ়’ অ্যালবামে প্রকাশিত হয়েছিল গানটি। তবে সেই সময়ে ‘আপ জেয়সা কোই’ ও ‘ডিস্কো ডান্সার’-এর মতো গানের জনপ্রিয়তার মধ্যে অ্যালবামটি শ্রোতাদের বিশেষ নজর কাড়তে পারেনি।
৫. কী ভাবে ২০১৪ সালে অ্যালবামটি আবার খুঁজে পাওয়া যায়?
উত্তর: ২০১৪ সালের দুর্গাপুজোয় ঘর পরিষ্কার করার সময়ে রূপার ছেলে দেবায়ন একটি ট্রাঙ্কের মধ্যে অ্যালবামটি খুঁজে পান।


