‘অসহ্য যন্ত্রণা, সৃজলার জন্য প্রার্থনা করুন...’, নন্দিনীর জন্য গুরুতর চোট, কেমন আছেন অভিনেত্রী?
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাপ্টেন হওয়ার জোর লড়াই। তাই বলে এ ভাবে কাউকে আঘাত করে শীর্ষে পৌঁছাবে অন্য প্রতিযোগী? মঙ্গলবার রাতে ‘বিগ বস’ বাংলা দেখার পর থেকে অনেকের মনেই জেগেছে এই প্রশ্ন। নন্দিনীর ধাক্কায় ঘোড়া থেকে সৃজলার ছিটকে পড়ার ঘটনায় সোচ্চার নেটদুনিয়া। কারও দাবি, বাদ দেওয়া হোক নন্দিনীকে। কেউ আবার তাঁর সমালোচনায় সোচ্চার। অনুরাগীদেরও প্রশ্ন, কেমন আছেন সৃজলা? অভিনেত্রীর টিমের তরফে এল বড় আপডেট।
টাস্কের নিয়ম অনুযায়ী, ঘোড়ার উপরে কে কতক্ষণ বসে থাকতে পারেন, সেটাই মূল লড়াই। প্রতিপক্ষকে ঘোড়া থেকে নামিয়ে দিতে পারলে সেটাই হবে ক্যাপ্টেন হওয়ার লড়াইয়ে সবচেয়ে বড় সাফল্য। যে লড়াইয়ে না চেয়েও প্রথমেই রাজবীরকে নামিয়ে দিয়েছেন নন্দিনী। এর পরেই টার্গেট করেন সৃজলাকে। সেই সময়ে আঘাত পান অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় সৃজলার টিমের তরফে লেখা হয়েছে, ‘আপনাদের প্রিয় সৃজলাকে নিয়ে প্রচুর মেসেজ পেয়েছি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, সৃজলা এখন কিছুটা ঠিক আছেন এবং তাঁর চিকিৎসা চলছে। তিনি চোট পেয়েছেন এবং যন্ত্রণাও রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো কোনও ইন্টারনাল ইনজুরি হয়নি। এবং প্রয়োজনীয় চিকিৎসাও চলছে।’
সৃজলার সকল অনুরাগীদের কাছে তাঁর জন্য প্রার্থনার অনুরোধ করা হয়েছে টিমের তরফে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘সৃজলার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। আশা করছি খুব শীঘ্রই ও সম্পূর্ণ সুস্থ এবং একদম ফুল পাওয়ারে আবার ‘বিগ বস’-এর ঘরে ফিরে আসবেন তিনি।’
আরও পড়ুন


