প্রতিনিধিদলটি কারখানার উৎপাদনের পাশাপাশি ছাদের সৌরবিদ্যুৎকেন্দ্র, বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থা, শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের দোকান এবং শিশু দিবাযত্ন কেন্দ্র ও শ্রমিক কল্যাণমূলক উদ্যোগ ঘুরে দেখে।
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট আজ সোমবার সাভারে টিম গ্রুপের পোশাক কারখানা ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড পরিদর্শন করেছেন। এ সময় তিনি কারখানাটির পরিবেশবান্ধব উৎপাদন ও শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ ঘুরে ঘুরে দেখেন।
স্টিভেন কোলেটের সঙ্গে প্রতিনিধিদলে আরও ছিলেন নেদারল্যান্ডসের টেকসই উন্নয়নবিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন, বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসেইন, সলিডারিডাড নেটওয়ার্ক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, বাংলাদেশে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমান এবং অ্যাওয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মুইদ হাসান। প্রতিনিধিদলটিকে স্বাগত জানান টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা শাহীন ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুল্লাহ হিল নাকিব।
টিম গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিনিধিদলটি কারখানার উৎপাদন কার্যক্রমের পাশাপাশি ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা, শ্রমিকদের জন্য পরিচালিত ন্যায্যমূল্যের দোকান এবং শিশু দিবাযত্ন কেন্দ্রসহ বিভিন্ন পরিবেশবান্ধব ও শ্রমিক কল্যাণমূলক উদ্যোগ ঘুরে ঘুরে দেখে।
বাংলাদেশের ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত একটি পরিবেশবান্ধব পোশাক কারখানা। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম আউটারওয়্যার পোশাক উৎপাদনকারী কারখানা হিসেবে জাতিসংঘের ‘ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টার ফর ক্লাইমেট অ্যাকশন’-এ সই করেছে।
নেদারল্যান্ডসের উপমন্ত্রী স্টিভেন কোলেট বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বৈশ্বিক সরবরাহব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে এমন সব কারখানার ওপর, যারা প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করছে। ফোরএ ইয়ার্ন ডায়িং পরিচ্ছন্ন জ্বালানি ও স্বচ্ছতা নিশ্চিত করতে যেভাবে বিনিয়োগ করছে, তা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।’
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা শাহীন বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্পকে আরও নিরাপদ, শ্রমিকবান্ধব ও পরিবেশসম্মত করে গড়ে তোলার যাত্রায় নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে।’
আফরোজা শাহীন আরও বলেন, ‘বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত নিয়মকানুন ও জ্বালানিসংকট আমাদের একই বার্তা দিচ্ছে—যেসব কারখানা আজ টেকসই উৎপাদনে বিনিয়োগ করছে, তারাই আগামী দিনে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। বাংলাদেশের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান কী অর্জন করতে পারে, তা তুলে ধরতে পেরে গর্বিত।’


